Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে অবশেষে কাটতে চলেছে সংশয় (FIFA World Cup)?
বিশ্বকাপ দেখা নিয়ে আশার আলো ভারতে (FIFA World Cup)
গল্পটা কলকাতার এক পাড়ার গল্প। সেই সময় টিভি-র এতটা রমরমা না থাকলেও বেশ কিছু বাড়িতে টিভি এসে গেছে। এছাড়াও ক্লাবে ক্লাবে ব্যবস্থা থাকত টিভি দেখার। বিশেষ করে বিশ্বকাপ বা এমন কোনও গুরুত্বপূর্ণ খেলা থাকলে সেই ক্লাবে ভিড় জামাত পাড়ার ক্রীড়াপ্রেমী মানুষরা। পাড়ায় পাড়ায় তখন প্রভাব বিস্তার করত নানান দেশের পতাকা। সেখান থেকে পাল্টে গিয়েছে টিভি থেকে টেলিফোন বুথের ভাষা শুধু পাল্টায়নি খেলার প্রতি ভারতীয়দের আবেগের বহিঃপ্রকাশ (FIFA World Cup)।
ভারতে জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট এগিয়ে থাকলেও ফুটবল নিয়েও উন্মাদনা মোটেও কম নয়। ইস্টবেঙ্গল-মোহনবাগান হোক বা মেসি-রোনাল্ডো, ফুটবলপ্রেমী মানুষরা বারবার তাঁদের পছন্দের প্লেয়ার বা দেশকে সমর্থন করতে এগিয়ে এসেছেন। সাবেকি দর্শক হোক বা বর্তমান জেনারেশন বিশ্বকাপ এলে রাত জাগার গল্প ঘরে ঘরে। প্রজন্ম বদলেছে কিন্তু উন্মাদনা থেকেছে একই রকম।

পাড়ার চায়ের ঠেকে হোক বা সন্ধ্যের ক্লাবে, অফিস হোক বা স্কুল কলেজ, বিশ্বকাপ চলাকালীন চর্চায় থেকেছে আগের রাতের উত্তেজক ম্যাচ। সালটা ১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপে সেবার শুধু ফাইনাল ম্যাচের সাক্ষী থেকেছিলেন সমর্থকরা। এরপর ছবি বদলাতে থাকে। ১৯৮২ সালে সম্পূর্ণ বিশ্বকাপ সম্প্রচারের সাক্ষী থাকল ভারত। সেইবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল স্পেনে। এরপর টিভি-র সংজ্ঞা বদলেছে, মেবাইল ধীরে ধীরে স্মার্ট হয়েছে, টিভি ভুলেছে তার বারবার বিগড়ে যাওয়া আন্টেনাকে কিন্তু যা অমলিন থেকেছে সেটা হল রাত জাগা আবেগ (FIFA World Cup)।
আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর বেশি দিন। ফুটবল বিশ্ব প্রস্তুত হচ্ছে গ্রেট নাইট শো-র। কিন্তু সেই সময়ে ভারতের ভাগ্যাকাশে অনিশ্চিয়তার মেঘ। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা যেন দিন দিন বেড়েই চলেছে। শেষ মুহূর্তে প্রসার ভারতীও সরে আসায় সেই চিন্তা আরও বেড়েছিল। তবে এবার সেই জটিলতার মেঘ কাটিয়ে কিছুটা আশার আলো দেখা গেল। অবশেষে রোনাল্ডো-মেসিদের দেখা যাবে বিশ্বকাপের স্বপ্নের দৌড়ে।
ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর দিলেন প্রাক্তন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে শেষ হয়েছে আলোচনা। ভারতে বিশ্বকাপ সম্প্রচার করবে কোন সংস্থা সেই ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে।
সাজি লেখেন, ‘ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে এবার। সম্প্রচার নিয়ে শেষ হয়েছে আলোচনা। আগামী সপ্তাহে ভারতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার নাম জানানো হতে পারে।’ তিনি আরও লেখেন, ‘অনেকদিন ধরে চলছিল অনিশ্চিয়তা। এবার নিশ্চিন্ত হতে পারেন সমর্থকরা। বিশ্বকাপ দেখা যাবে ভারতে।’ প্রসঙ্গত এই বিশ্বকাপ হতে চলেছে সবথেকে বেশি দল নিয়ে। ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে ৪৮টি দেশ। এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা এবং আমেরিকায় (FIFA World Cup)।


