Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার গিরিশ পার্ক এলাকায় শনিবার বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটল। পাথর ছোড়াছুড়ি এবং ভাঙচুরে জখম হন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর-সহ একাধিক পুলিশকর্মী (Girish Park Inci)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। RAF নামানো হয়েছে এলাকায়। ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী শশী পাঁজা।
মন্ত্রীর বাড়িতে হামলা (Girish Park Inci)
অভিযোগ উঠেছে, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়া হয়। তৃণমূলের দাবি ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীরাই এই হামলা চালায়। সেই সময় মন্ত্রীর বাড়ির জানলার কাচ ভেঙে যায় বলেও অভিযোগ। মন্ত্রীর বাড়িতে থান ইট মারা হয়েছে, বাড়ির সদর দরজা ভেঙে দেওয়া হয়েছে, বাড়ির দরজার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার ছিঁড়ল
মন্ত্রী শশী পাঁজা জানান, গিরিশ পার্ক মেন রোডে তাঁর বাড়ির সামনে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার লাগানো ছিল। অভিযোগ, সেই পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
একাধিক অভিযোগ মন্ত্রীর (Girish Park Inci)
শশীর অভিযোগ, বিজেপি কর্মীরা বাস থেকে নেমে এসে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় এবং তাঁর বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়ে। তিনি আরও দাবি করেন, ব্রিগেডে যাওয়া কিছু বাসে ইট, কাচের বোতল এবং বোম মজুত রাখা ছিল। এদিকে হামলায় আহত হন ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা সাহা।
আরও পড়ুন: India Hormuz: শিবালিকের পর নন্দাদেবী: হরমুজ প্রণালী পার করল দ্বিতীয় ভারতীয় তেলবাহী জাহাজ
বিজেপির পাল্টা অভিযোগ (Girish Park Inci)
অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, গিরিশ পার্ক দিয়ে মিছিল করে যাওয়ার সময় তাদের কর্মীদের লক্ষ্য করে তৃণমূল সমর্থকেরাই প্রথমে ইট ছোড়ে। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন উত্তর কলকাতা বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



