Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: আদালতের নির্দেশ অমান্য করায় এবার করা পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পশ্চিম মেদিনীপুরের বৌলাসিনি বিবেকানন্দ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইট দীর্ঘদিন আগে অবসরগ্ৰহণ করলেও তাঁর প্রাপ্য অবসরকালীন সুবিধা এখনও পাননি বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে একাধিকবার পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায়ের কাছে আবেদন করলেও কোনও সমাধান মেলেনি। বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
আদালতের নির্দেশের পরও অবসরকালীন বকেয়া সুবিধা পাননি (Calcutta High Court)
এই মামলা চলাকালীন গত অক্টোবরেই তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর স্ত্রী অপর্না হাইট আবারও হাইকোর্টের দ্বারস্থ হন। গত ২৫ নভেম্বর মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলাকারীর সমস্ত অভিযোগ শুনে বিচারপতি সিনহা গত বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে অবসরকালীন সমস্ত বকেয়া সুবিধা মিটিয়ে দিতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমিত রায়কে নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন:Train Cancelled: হাওড়া ডিভিশনে বাতিল ২০টি লোকাল, ভোগান্তি যাত্রীদের
অভিযোগ, আদালতের (Calcutta High Court) সেই নির্দেশের পরও দেবব্রত হাইটের অবসরকালীন বকেয়া সুবিধা মেটাননি পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক অমিত রায়। তাই বাধ্য হয়ে আবারও আদালতের শরণাপন্ন হন দেবব্রত হাইটের স্ত্রী অপর্না হাইট। মঙ্গলবার শুনানিতে এই অভিযোগ শুনে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরই বিচারপতি ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ দেন। নির্দেশে বিচারপতি বলেন, যতদিন না পর্যন্ত মৃত শিক্ষকের স্ত্রী তাঁর প্রাপ্য অবসরকালীন সুবিধা পাচ্ছেন, ততদিন পশ্চিম মেদিনীপুরের ডিআই কোনও বেতন তুলতে পারবেন না।
এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি সিনহা মন্তব্য করেন, ‘একজন রাজ্য সরকারি শিক্ষক তাঁর সারাটা জীবন সরকারি কাজে তথা শিক্ষকতায় দিয়ে গেলেন। অথচ তিনি অবসরকালীন কোনও সুবিধা পেলেন না। এমনকি তাঁর মৃত্যুর পরও তাঁর স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’


