Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের আগে শেষ মহড়ায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের দাপুটে জয় (Ind vs NZ)। ১৯০ রানে শেষ নিউ জিল্যান্ডের ইনিংস। ৪৮ রানে জয় ভারত।
জয় দিয়ে যাত্রা শুরু ভারতের (Ind vs NZ)
বুধবার নাগপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলেন অভিষেক শর্মা। সেঞ্চুরি হাতছাড়া হলেও ইতিহাস গড়লেন তিনি। এই ম্যাচেই টি-টোয়েন্টি ৫,০০০ রান পূর্ণ করা তৃতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হয়ে উঠলেন তিনি। এই ম্যাচে রান পেয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষে ঝোড়ো ইনিংস খেলে ভারতকে বড় রানে পৌঁছে দেওয়ার কাজটা দক্ষতার সাথে করে দেখালেন রিঙ্কু সিং (Ind vs NZ)।
ভারতের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা নিজের বিধ্বংসী মেজাজে ধরা দিলেও ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। মাত্র ১০ রান করে ড্রেসিং রুমে ফিরতে হয় তাঁকে। ২০২৩ সালের পর আবার ভারতীয় দলে ফিরে পর পর চার মেরে শুরু করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু বড় রান করতে পারলেন না। পাঁচ বলে ৮ রান করে ফিরতে হলো তাঁকে।
দুই উইকেট হারালেও অভিষেক শর্মা নিজের খেলা বদলায়নি। হাত খুলে খেলার জন্য পরিচিত এই তরুণ তারকা। আজও রেয়াত করলেন না কোনও বোলারকে। একের পর এক বলকে পাঠালেন বাউন্ডারি লাইনে। পাওয়ার প্লে-র মধ্যেই চারটি ছয় আসে এই তরুণ তুর্কির ব্যাট থেকে। মাত্র ২২ বলে অর্ধশতরান করেন অভিষেক। তবে সেঞ্চুরি হাতছাড়া হলো অভিষেকের। ৮৪ রানে ফিরতে হলো সাজঘরে। তাঁর ইনিংসে রয়েছে ৮টি ছয় ও ৫টি চার।
নাগপুরে আজ শর্মা ঝড়ে কাবু নিউ জিল্যান্ডের বোলাররা। আজকের ম্যাচের চিত্রনাট্য যেন লেখা হলো অভিষেকের ব্যাটে। এই অর্ধশতরানের সঙ্গেই আরও এক অনন্য রেকর্ড গড়েন অভিষেক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ বলের কম সময়ে সবচেয়ে বেশি বার অর্ধশতরান করার নজির এখন তাঁর দখলে। এই নিয়ে তিনি অষ্টম বার ২০০ বা তার বেশি স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি করলেন, যা বিশ্বরেকর্ড। শুধু তাই নয় ভাঙলেন নিজের গুরুর রেকর্ড। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় যুবরাজ সিং-কেও ছাড়িয়ে গিয়েছেন। যুবরাজ তাঁর পুরো টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ৭৩টি ছয় মেরেছিলেন। নাগপুরে এই ম্যাচে ২টি ছয় মারার পরেই সেই সংখ্যাকে অতিক্রম করে যান অভিষেক (Ind vs NZ)।
অভিষেকের সাথে জুটি বেঁধে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তবে তিনি নিজের অর্ধশতরান করতে পারেননি তিনি। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ১টি ছয়।
হার্দিক পান্ডিয়া ভাল শুরু করলেও তাঁকে ফিরতে হয় ১৬ বলে ২৫ রান করে। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন রিঙ্কু সিং। প্রত্যাবর্তনে রিঙ্কু বুঝিয়ে দিলেন ফর্মে রয়েছেন তিনি। শেষ ওভারে ২১ রান নিলেন রিঙ্কু। ২০ বলে ৪৪ রানে অপরাজিত রিঙ্কু। তাঁর ক্যামিও ইনিংসে পুরোপুরি কোনঠাসা হয়ে পড়ে কিউয়ি বোলাররা। অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস এবং রিঙ্কু সিং-এর দুর্দান্ত ফিনিশিংয়ে ভর করে বিরাট রানের লক্ষ্য সেট করে দেয় গম্ভীর বাহিনী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ভারতের স্কোর ২৩৮ রান।
আরও পড়ুন: Ind vs NZ: প্রত্যাবর্তনে ব্যর্থ ঈশান, ব্যাটে দাপট অভিষেক-রিঙ্কুর
রান তাড়া করতে নেমে পরপর দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউ জিল্যান্ড দল। নিউ জিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন অর্শদীপ সিং। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে (০) আউট করলেন অর্শদীপ সিংহ। শূন্য রানে প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। এর পরের ওভারেই আসে দ্বিতীয় ধাক্কা। ১ রান করে হার্দিকের বলে আউট রাচিন রবীন্দ্র (Ind vs NZ)।
দুই উইকেট হারিয়ে যখন নিউ জিল্যান্ড চাপে সেই সময় দলের হয়ে হাল ধরেন গ্লেন ফিলিপ্স ও টিম রবিনসন। সেই জুটি ভাঙতে সফল হয় টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তী। তাঁর বলে ২১ রান করে আউট টিম রবিনসন। আজও ক্যাচ ফস্কালো ভারতের আর এবার ক্যাচ মিস করলেন বর্তমানে ভারতের অন্যতম সেরা ফিল্ডার রিঙ্কু। জসপ্রীত বুমরাহের বলে মার্ক চ্যাপম্যানের ক্যাচ ফস্কালেন রিঙ্কু।
নিউ জিল্যান্ডের হয়ে লড়াই চালিয়ে যান গ্লেন ফিলিপ্স। ২৯ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তবে তাঁকে ড্রেসিং রুমে ফেরানোর কাজ করেন অক্ষর প্যাটেল। লড়াই চালিয়ে গ্লেন ফিলিপ্সকে ফিরতে হয় ৪০ বলে ৭৮ রান করে। বরুণের বলে ৩৯ রান করে চাপম্যান আউট হওয়ার পর খেলার পুরো রাশ চলে যায় ভারতের হাতে। ১৯০ রানে শেষ হয় নিউ জিল্যান্ডের ইনিংস। ৪৮ রানে এই সিরিজের প্রথম ম্যাচ জিতে নিলো টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ভারতের তবে লক্ষ্য থাকবে সিরিজ জিতে ওয়ানডে সিরিজ হারের বদলা নেওয়া (Ind vs NZ)।


