Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বিমানবন্দরে ফের সমস্যায় পড়লেন ইন্ডিগো যাত্রীরা (Inline Baggage)। শনিবার সন্ধে থেকেই শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালে ইন্ডিগোর ইনলাইন ব্যাগেজ সিস্টেমে গোলযোগ শুরু হয়। রবিবার সন্ধে পর্যন্ত সেই সমস্যা পুরোপুরি না মেটায় ভোগান্তি চরমে পৌঁছয়। অনেক যাত্রী অভিযোগ করেছেন, গন্তব্যে পৌঁছেও তাঁরা নিজেদের চেক–ইন করা ব্যাগ পাননি। আবার এই সমস্যার জেরে একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে বলেও বিমানবন্দর সূত্রে খবর।

কী এই ইনলাইন ব্যাগেজ সিস্টেম? (Inline Baggage)
নতুন টার্মিনালের এ, বি এবং সি এই তিনটি পোর্টালে সারি সারি এয়ারলাইন্সের চেক–ইন কাউন্টার রয়েছে। যাত্রীরা চেক–ইনের সময় কেবিন ব্যাগ ছাড়া বাকি মালপত্র কনভেয়ার বেল্টে তুলে দেন। সেই ব্যাগ কনভেয়ার বেল্ট ধরে এগিয়ে গিয়ে মাঝপথে এক্স–রে স্ক্যান হয় এবং শেষ পর্যন্ত বিমানের কাছে পৌঁছে যায়। এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থাকেই বলা হয় ইনলাইন ব্যাগেজ সিস্টেম। আধুনিক ও সময় বাঁচানো এই ব্যবস্থাই এ বার বিপত্তির কারণ হয়ে দাঁড়াল।
সি পোর্টালেই প্রথম সমস্যা (Inline Baggage)
বিমানবন্দর সূত্রের খবর, শনিবার সন্ধে থেকেই সি পোর্টালে থাকা ইন্ডিগোর চেক–ইন কাউন্টার সংলগ্ন কনভেয়ার বেল্টে গোলযোগ দেখা দেয়। যেহেতু কলকাতা থেকে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো এবং যাত্রী সংখ্যাও তুলনামূলক বেশি, তাই রবিবার সকাল থেকে তাদের চেক–ইন কাউন্টার সাময়িক ভাবে এ এবং বি পোর্টালে সরিয়ে দেওয়া হয়।
সমস্যা ছড়াল এ ও বি পোর্টালেও (Inline Baggage)
কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। অভিযোগ, রবিবার এ এবং বি পোর্টালেও একই ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। সারাদিন ধরেই মেরামতির চেষ্টা চললেও কখনও সাময়িক ভাবে কাজ করেছে, আবার কিছুক্ষণ পরেই ফের বিকল হয়ে পড়েছে কনভেয়ার বেল্ট। ফলে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
ব্যাক–আপ ব্যবস্থায় চলল কাজ (Inline Baggage)
পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের টার্মিনালে থাকা তিনটি পুরোনো ব্যাগেজ এক্স–রে মেশিন ‘ব্যাক–আপ’ হিসেবে ব্যবহার করা হয়। ডিপারচার যাত্রীরা টার্মিনালে ঢুকে ওই মেশিনে ব্যাগ এক্স–রে করান। তারপর সেই ব্যাগ হাতে করে চেক–ইন কাউন্টারে নিয়ে যান। সেখান থেকে ইন্ডিগোর কর্মীরা ট্রলিতে করে ব্যাগ বিমানের কাছে পৌঁছে দেন। এই পুরো প্রক্রিয়ায় সময় অনেক বেশি লাগায় বেশ কিছু ফ্লাইট দেরিতে ছাড়ে।
গন্তব্যে পৌঁছেও ব্যাগ নেই (Inline Baggage)
সবচেয়ে বড় অভিযোগ, বহু যাত্রী গন্তব্যে পৌঁছে নিজেদের ব্যাগ পাননি। তাঁদের দাবি, ব্যাগ কলকাতাতেই থেকে গিয়েছে। ফলে বেড়াতে যাওয়ার মরশুমে এমন অভিজ্ঞতায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। কেউ কেউ সামাজিক মাধ্যমেও এই সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

কেন বারবার এই সমস্যা? (Inline Baggage)
বিমানবন্দরের এক সূত্র জানিয়েছে, বর্তমানে ছুটির মরশুম চলায় ইন্ডিগোর প্রায় সব ফ্লাইটই ‘ফুল’। যাত্রীদের মালপত্রের চাপ বেড়েছে কনভেয়ার বেল্টে। সেই অতিরিক্ত চাপেই সেন্সরে গোলযোগ দেখা দিয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে প্রশ্ন উঠছে, এত বড় ও ব্যস্ত বিমানবন্দরে বারবার এমন প্রযুক্তিগত ত্রুটি কেন?
আরও পড়ুন: TMC: প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে বানান ভুল, বিজেপিকে নিশানা তৃণমূলের
যাত্রী স্বার্থে দ্রুত সমাধানের দাবি
কলকাতা বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। সেখানে ইন্ডিগোর মতো বড় এয়ারলাইন্সের ক্ষেত্রে এমন বারবার সমস্যায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। আধুনিক পরিকাঠামোর সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণ ও বিকল্প ব্যবস্থার আরও উন্নতির দাবি তুলছেন যাত্রীরা। না হলে ভবিষ্যতেও এমন ঘটনার পুনরাবৃত্তি যে হবেই, তা বলাই বাহুল্য।



