Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল-এর আগে সব দল নিজেদের শিবির ঢেলে সাজাতে ব্যস্ত আর তার মধ্যেই প্রকাশ্যে এল কেকেআর-এর নতুন জার্সি (KKR)।
প্রকাশ পেলো নাইটদের নতুন জার্সি (KKR)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়ছে আইপিএল নিয়ে। এই লিগে দেশ বিদেশের নানা প্লেয়াররা যোগ দেন ফ্রাঞ্চাইজিতে। সেখানে সতীর্থরা মাঠে নামেন একে অপরের বিপক্ষে। তবে এই মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রত্যেক দলই নিজেদের শিবির গুছিয়ে নেয় এবং সর্বশক্তি নিয়ে মাঠে নামে। একদিকে যেমন চমক থাকে কে কোন প্লেয়ার দলে নিলো তেমনই চমক থাকে দলের জার্সিতে। আর সেই উত্তেজনা বাড়িয়ে এবার প্রকাশ্যে এল কলকাতার জার্সি (KKR)।
১৩ মার্চ কলকাতা জানিয়ে দিয়েছে মুস্তাজিজুরের পরিবর্ত বোলারের নাম। কলকাতা দলের হয়ে এবার আইপিএল কাঁপাতে দেখা যাবে জিম্বাবোয়ের পেস তারকাকে। কলকাতার দলে যোগ দেবেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি। তাঁর আগমনে দলের পেস বিভাগ আরও শক্তিশালী হবে বলেই আশা করছেন সমর্থকরা। কদিন আগেই লখনউ সুপার জায়ান্টসের নতুন জার্সির ছবি সামনে এসেছিল আর এবার শাহরুখ খানের দলের।
একদিকে গম্ভীরের কোচিংয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তেমনই কলকাতার আইপিএল ট্রফি জেতার পিছনেও রয়েছে গম্ভীরের ভূমিকা। দুই বার গম্ভীরের নেতৃত্বে কলকাতা প্রথম আইপিএল ট্রফি জেতে। ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে চেন্নাইকে হারিয়ে ট্রফি নিজেদের ঘরে আনে কলকাতা। ২০১৪ সালে পাঞ্জাবকে। তবে ২০২৪ সালে গম্ভীর নেতৃত্বে না থাকলেও ছিলেন দলের কোচের ভূমিকায়। তাঁর কোচিংয়েই ২০২৪ সালে আবারও ট্রফি ঘরে তোলে নাইট শিবির। কিন্তু ২০২৫ সালে কলকতার পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের (KKR)।

কলকাতার এই তিনবারের চ্যাম্পিয়ন হওয়ার কথাই উঠে এসেছে তাদের জার্সিতে। আইপিএল শুরুর সময় থেকেই কলকাতা অন্যতম জনপ্রিয় দল। কেকেআর কতৃপক্ষ জানিয়েছে নতুন জার্সির নকশায় দলের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুলে ধরা হয়েছে। যেখানে ২০০৮ সালে আইপিএল-এর প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালামের অবিস্মরণীয় ১৫৮ রানের ইনিংস থেকে শুরু করে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকানো রিঙ্কু সিং, এমন অনেক স্মরণীয় মুহূর্ত কলকাতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। সেই সকল ঘটনার প্রতীকী রেখাই রয়েছে নতুন জার্সির ডিসাইনে।
এই সব লাইন বা রেখা একত্রিত হয়ে ‘KKR’ শব্দটা তৈরি করা হয়েছে নাইট শিবিরের এই নতুন বর্মে। অর্থাৎ শুধু স্মৃতিতেই নয়, দলের ঐতিহ্য এবার জার্সির নকশার মধ্যেই জড়িয়ে গেল। ফলে সমর্থকেরা এই জার্সি পরলে দলের ইতিহাস নিজেদের সঙ্গে বহন করতে পারবেন।
আরও পড়ুন: Chandannagar: রাতের নিস্তব্ধতায় বিস্ফোরণের পর আগুন চন্দননগরের
জার্সি উন্মোচন প্রসঙ্গে নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘Lines of Legacy KKR-এর দীর্ঘ যাত্রাপথ ও সাফল্যের গল্পকে তুলে ধরে। প্রতিটি লাইন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিনিধি। এই ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত এবং আগামী মরশুমে সেই ধারাবাহিকতা বজায় রেখে সমর্থকদের জন্য আরও স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চাই।’
নতুন জার্সি প্রকাশকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও একটি বিশেষ প্রচার অভিযান চালানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের নিয়ে তৈরি একটি প্রচারমূলক ভিডিয়োর মাধ্যমে এই জার্সি লঞ্চকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। জার্সি লঞ্চের আগে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। #LinesOfLegacy হ্যাশট্যাগটি টানা ৪৮ ঘণ্টা ট্রেন্ড করেছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে (KKR)।


