Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি (Kolkata Medical College)। প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন মেডিক্যাল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা। কিন্তু সেই মিছিলের অনুমতি না মেলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের টানাপোড়েন শুরু হয়েছে। পুলিশের আপত্তি সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিতে অনড় আন্দোলনকারীরা। মিছিলকে কেন্দ্র করে বৌবাজার থানা অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশের আপত্তি, মিছিল ঘিরে বাধা (Kolkata Medical College)
মেডিক্যাল কলেজ থেকে বৌবাজার থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছিলেন চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়ারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তদন্তের কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রকাশ করে মিছিল না করার আবেদন জানিয়েছে বৌবাজার থানা। মেডিক্যাল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি শাশ্বতা নস্করকে ইমেল করে পুলিশের তরফে নিজেদের আপত্তির কথা জানানো হয়েছে।
পুলিশের বক্তব্য, সেন্ট্রাল অ্যাভিনিউ ও ওয়েস্টন স্ট্রিট ধরে প্রায় ২০০ জনের জমায়েত হলে যান চলাচল ব্যাহত হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। থানা অভিযান হলে তদন্ত প্রক্রিয়া এবং পুলিশের স্বাভাবিক কাজকর্ম বাধাপ্রাপ্ত হতে পারে বলেও মনে করছে পুলিশ।
BNSS-এর নোটিস ঘিরে নতুন বিতর্ক (Kolkata Medical College)
পুলিশের পাঠানো চিঠিতে ১৯ নভেম্বরের একটি মামলার উল্লেখ রয়েছে। সেই মামলার তদন্তের স্বার্থে তিন ইন্টার্ন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য BNSS-এর ৩৫(৩) ধারায় নোটিস পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করেও আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, হামলার ঘটনার বিচার চাওয়ার পরিবর্তে আন্দোলনকারীদের উপরই পুলিশি চাপ তৈরি করা হচ্ছে।

১৮ নভেম্বরের হামলার অভিযোগ (Kolkata Medical College)
আন্দোলনকারীদের দাবি, তাঁদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। গত ১৮ নভেম্বর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ও কলেজ কাউন্সিলের সঙ্গে বৈঠক চলাকালীন বহিরাগত এবং একটি ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ভাঙচুর ও জুনিয়র চিকিৎসকদের হেনস্থার অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই মিছিলের আয়োজন করা হয়েছে।
অভিযোগ, ঘটনার পর আটজন ইন্টার্ন চিকিৎসককে শোকজ করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সেই শোকজ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। তাঁদের প্রশ্ন, চিকিৎসকদের উপর হামলার অভিযোগ ওঠার পরেও কেন এখনও কাউকে গ্রেফতার করা হয়নি?
আরও পড়ুন: Suvendu Adhikari: বাংলার সড়ক যোগাযোগে এবার আসতে চলেছে আমূল পরিবর্তন
চিকিৎসক সংগঠনগুলির সমর্থন, বাড়ছে আন্দোলনের আঁচ
এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ-সহ একাধিক চিকিৎসক সংগঠন। ফলে মেডিক্যাল কলেজের অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের পরিধি আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।



