Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: চার্টার্ড বিমানে দিল্লি থেকে উড়ে এসেছিলেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিউটাউনের জ্যোতিনগরের এক মতুয়া বাড়িতে (Matua) পাত পেড়ে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রুটি, ডাল, ধোকলা আর নলেন গুড়ের পায়েসের তৃপ্তিতে তখন মিলেছিল অভয়বাণী, “আমি আছি, চিন্তা নেই। মতুয়ারা এ দেশের নাগরিকত্ব পাবেনই।” কিন্তু পাঁচ বছর পেরোতেই সেই ‘শাহি’ প্রতিশ্রুতি যেন এখন কেবলই এক তিক্ত স্মৃতি। নাগরিকত্ব পাওয়া তো দূর অস্ত, উল্টে এসআইআর-এর (SIR) ফাঁসে ‘বেনাগরিক’ হওয়ার আশঙ্কায় এখন ক্ষোভে ফুঁসছে নিউটাউনের সেই মতুয়া গড়।
২০২০ সালের ৬ নভেম্বর। বিধানসভা নির্বাচনের (West Bengal Election) ঠিক আগে মতুয়াদের মন জিততে নবীন বিশ্বাসের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সেরেছিলেন শাহ। সেই সময় তাঁর আশ্বাসকে ধ্রুবসত্য মেনে মতুয়ারা (Matua) দু’হাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি আমূল বদলেছে। এসআইআর-এর গেরোয় পড়ে মতুয়াদের দেওয়ালে পিঠ ঠেকেছে। স্থানীয়দের অভিযোগ, নাগরিকত্বের টোপ দিয়ে আসলে তাঁদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি বেগতিক বুঝে নিউটাউনের ক্ষুব্ধ মতুয়া ভোটের বড় অংশ এখন শাসকদলের দিকে ঝুঁকেছে।
মতুয়া গড়ে (Matua) তৃণমূলের বড় জয়
বুধবার সকালে বিধাননগর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শুলংগড়ি ও জ্যোতিনগর এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। সেখানে দেখা গেল এক তাৎপর্যপূর্ণ ছবি। যাঁর বাড়িতে বসে শাহ মধ্যাহ্নভোজ করেছিলেন, সেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের (Matua) কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস খোদ তৃণমূল প্রার্থীর (TMC) পাশে দাঁড়িয়ে প্রচার করলেন। হরিচাঁদ ঠাকুরের প্রতীক নিশান উড়িয়ে, ডঙ্কা-শিঙা বাজিয়ে মতুয়ারা তাপস চট্টোপাধ্যায়কে বিপুল সমর্থন জানান।
আরও পড়ুন: Heavy Rain: নিম্নচাপের ‘জোড়া ফলা’! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও তুমুল ঝড়-বৃষ্টির ভ্রুকুটি
নবীন বিশ্বাসের (Navin Biswas) আক্ষেপ, “যাঁকে মিত্র ভেবেছিলাম, তিনি এখন শত্রু হয়ে উঠেছেন। নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের সঙ্গে চরম মিথ্যাচার করেছে মোদি সরকার।” তিনি জানান, বিধাননগর, নিউটাউন এবং গোপালপুর মিলিয়ে প্রায় ৬০ হাজার মতুয়াদের (Matua) নাম এসআইআর-এর তালিকায় বিবেচনাধীন ছিল। কিন্তু সরকারি মারপ্যাঁচে সুধাংশু সরকার, গণেশ মণ্ডলের মতো প্রায় ১৪ হাজার মানুষের নাম বাতিলের তালিকায় চলে গেছে। এই ‘বেনাগরিক’ হওয়ার যন্ত্রণা যে আসন্ন নির্বাচনে বিজেপিকে বড় মাশুল গুনতে বাধ্য করবে, তা স্পষ্ট করে দিয়েছেন মতুয়া নেতৃত্ব।
আরও পড়ুন: BLO FIR: সিইও দফতরের সামনে বিক্ষোভ: ১ মহিলা বিএলও এর বিরুদ্ধে FIR দায়ের
তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের দাবি, মতুয়াদের অভূতপূর্ব সাড়া বুঝিয়ে দিচ্ছে মানুষ মিথ্যা প্রতিশ্রুতি আর সহ্য করবে না। সব মিলিয়ে, নিউটাউনের জ্যোতিনগরে এখন শাহি ভোজের স্মৃতি ফিকে হয়ে জ্বলজ্বল করছে প্রতারিত হওয়ার জ্বালা।


