Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: থিম পুজোর ভিড়ে নতুনত্বই দর্শনার্থীদের আকর্ষণের মূল চাবিকাঠি (Murshidabad Durga Puja)। বহু আগে থেকেই শুধু মা দুর্গার সাজপোশাক বা রূপ নয়, অসুরের রূপ বদলেও চমক দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন পুজো কমিটি। একসময় ভাইরাল হয়েছিল বীরাপ্পনরূপী অসুর কিংবা লাদেনরূপী অসুর। পরিচিত ভিলেনদের চেহারার আদলে অসুর গড়ে তোলার সেই প্রবণতা এখন অনেকটাই ইতিহাস। কিন্তু এ বার সেই পুরনো ট্রেন্ডকে এক অন্যভাবে ফিরিয়ে এনেছে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটি।

ডোনাল্ড ট্রাম্পরূপী অসুর (Murshidabad Durga Puja)
খবর সূত্রে জানা যায়, এবছর তাঁদের ৬০তম বর্ষে পুজোয় দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ চমক। মণ্ডপে গিয়ে দেখা যায়, বিশ্বের অন্যতম চর্চিত ব্যক্তিত্ব, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখের অদ্ভুত সাদৃশ্য রয়েছে অসুরের। এই অভিনব রূপই এখন বহরমপুরে আলোচনার কেন্দ্রবিন্দু।
শিল্পীর সৃষ্টির ঝলক (Murshidabad Durga Puja)
মুর্শিদাবাদের নামী মৃৎশিল্পী পরিবারের উত্তরসূরির হাতেই তৈরি হয়েছে এই মূর্তি। অসুরের মুখশ্রীতে শিল্পীর শিল্পভাবনা ফুটে উঠেছে অন্যভাবে। সেই রূপই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। ফলে বহরমপুরের বিভিন্ন রাস্তা এখন ভিড় জমাচ্ছে খাগড়া শ্মশান ঘাটের পুজো মণ্ডপের দিকে। চতুর্থীর দিন উদ্বোধনের পর থেকেই অসুররূপী ট্রাম্পকে দেখার হিড়িক পড়ে যায়।

দর্শকদের ভিড় (Murshidabad Durga Puja)
খবর সূত্রে আরও জানা যায়, এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দুর্গা প্রতিমার আগে দর্শনার্থীদের চোখ চলে যাচ্ছে অসুরের দিকে। ভিন্নরূপী এই অসুরের আকর্ষণেই পুজো মণ্ডপে দর্শকদের ঢল নেমেছে। অনেকেই জানিয়েছেন, শিল্পী তাঁর সৃজনশীল ভাবনায় রাজনৈতিক আবহকেও তুলে ধরেছেন।

দর্শকদের প্রতিক্রিয়া (Murshidabad Durga Puja)
একজন দর্শনার্থী জানান, শিল্পীর ভাবনা অসাধারণ। ট্রাম্পরূপী অসুর দেখে ভালো লাগছে। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যতই ভালো থাকুক না কেন, ট্রাম্পের আমলে একাধিক ভারত-বিরোধী পদক্ষেপ সাধারণ মানুষ মেনে নিতে পারেননি। শিল্পী সেই অসন্তোষকেই শিল্পের মাধ্যমে প্রকাশ করেছেন।
আরও পড়ুন: Scam Durga Puja VIP Passes: ভুয়ো পুজো পাস কিনে কি বিপদে পড়ছেন আপনি?
বহরমপুরে চর্চার কেন্দ্রে পুজো
খাগড়া শ্মশান ঘাটের এই অভিনব উদ্যোগে বহরমপুরে অন্য সব পুজো ম্লান হয়ে গিয়েছে। অসুরের অদ্ভুত রূপই এখন আলোচনার কেন্দ্রবিন্দু, আর তার টানে দর্শকদের ভিড় ক্রমশ বাড়ছে। এবারের দুর্গোৎসব তাই নতুন স্বাদ এনে দিল মুর্শিদাবাদের সাংস্কৃতিক পরিসরে।



