Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর মরশুম ঘনিয়ে আসতেই কলকাতায় নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতারণা চক্র (Scam Durga Puja VIP Passes)। এবারের লক্ষ্য ‘পুজোর পাস’। বিভিন্ন সংস্থার নামে জাল পাস তৈরি করে তা সামাজিক মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে। এর জেরে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব।

ধরা পড়ল ভুয়ো পাস! (Scam Durga Puja VIP Passes)
শুক্রবার রাতে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে এক যুবক ফোরাম ফর দুর্গোৎসবের পাস দেখিয়ে প্রবেশ করতে গেলে পুজো কমিটির সদস্যদের সন্দেহ হয়। তাঁরা যুবককে প্রশ্ন করলে তিনি জানান, ৬০০ টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই পাস কিনেছেন। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
সক্রিয় জালিয়াতদের চক্র (Scam Durga Puja VIP Passes)
জানা গিয়েছে, ফোরাম ফর দুর্গোৎসবের নাম ভাঁড়িয়ে ৩০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে এই ভুয়ো পাস বিক্রি করছে অসাধু চক্র। অথচ আসল পাস একেবারেই নিখরচায় এবং শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য সংরক্ষিত। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো পেজ খুলে এই প্রতারণা চালানো হচ্ছে। ফলে অনেক সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে পড়ছেন।
ফোরামের সতর্কবার্তা (Scam Durga Puja VIP Passes)
ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই ধরনের পাস বিক্রি বা ক্রয় করা সম্পূর্ণ অবৈধ। কেউ এই কাজে যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংস্থার এক কর্তা বলেন, “পুজোর পাস নিয়ে কিছু অসাধু চক্র কারবার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি।”

পুলিশের অবস্থান (Scam Durga Puja VIP Passes)
কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ এলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, “পুজোর পাস সংক্রান্ত কোনও সন্দেহজনক পোস্ট দেখলে অবিলম্বে সংশ্লিষ্ট সংস্থা বা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।”
আরও পড়ুন: Santragachi Durga Festival: সাঁত্রাগাছির ঐতিহ্যবাহী দুর্গোৎসব কেন আজও মানুষের আবেগের কেন্দ্রবিন্দু?
খবর সূত্রে জানা যায়, দুর্গোৎসবকে কেন্দ্র করে এই ধরনের প্রতারণা চক্রের সক্রিয়তা শহরের নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগজনক। তাই সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যেন কেউ ভুয়ো পাসের ফাঁদে না পড়েন। পুলিশের পক্ষ থেকেও কঠোর নজরদারি চালানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।



