Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তা (Notam Issue) ব্যবস্থায় কড়াকড়ি শুরু হয়েছে রাজধানী দিল্লিতে। সেই নিরাপত্তাজনিত প্রোটোকলের অংশ হিসেবেই দিল্লির আকাশপথে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত একটি NOTAM জারি করা হয়েছে, যার ফলে আগামী কয়েকদিন নির্দিষ্ট সময়ে দিল্লির আকাশে কোনও বাণিজ্যিক উড়ান চলাচল করবে না।
দিল্লির সম্পূর্ণ এয়ারস্পেস বন্ধ (Notam Issue)
জারি করা NOTAM অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি (Notam Issue) পর্যন্ত টানা ছ’দিন, প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দিল্লির সম্পূর্ণ এয়ারস্পেস বন্ধ রাখা হবে। অর্থাৎ, এই ২ ঘণ্টা ২৫ মিনিট সময়কালে দিল্লির আকাশপথে কোনও যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমান উড়তে বা নামতে পারবে না। এই সময়ের মধ্যে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে চলেছে দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। সংশ্লিষ্ট মহলের মতে, এই সময়টি দিল্লি বিমানবন্দরের সবচেয়ে ব্যস্ত সময়গুলির একটি। ফলে বহু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। একাধিক উড়ান দেরিতে চলার পাশাপাশি বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।

নিষেধাজ্ঞার প্রভাব (Notam Issue)
এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা Cirium জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞার ফলে কমবেশি (Notam Issue) ৬০০টি ফ্লাইট প্রভাবিত হতে পারে। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন শত শত ফ্লাইট দিল্লিতে আসে ও যায়।

ফলে এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু দিল্লি নয়, গোটা দেশের বিমান পরিষেবার উপরই পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি এড়াতে এয়ারলাইন্স সংস্থাগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ, বিকল্প রুট ব্যবহার এবং যাত্রীদের আগে থেকেই অবহিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Gulmarg: শীতের দাপট গুলমার্গে, পর্যটকদের নতুন আকর্ষণ, বরফে মোড়া হিমশীতল কাশ্মীরে পর্যটকদের ভিড়
উল্লেখ্য, দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও তার মহড়া নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছরই এই সময় সেনাবাহিনীর প্যারেড, আধুনিক যুদ্ধাস্ত্রের প্রদর্শনী, বিভিন্ন রাজ্যের রঙিন ট্যাবলো এবং বিমান বাহিনীর বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। সেই কারণেই আকাশপথে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাত্রীদের আগেভাগেই সতর্ক করার জন্য প্রায় আট দিন আগেই এই NOTAM জারি করা হয়েছে। যাতে যাত্রীরা তাঁদের ভ্রমণ পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন এবং এয়ারলাইন্স সংস্থাগুলিও সময়মতো প্রস্তুতি নিতে পারে। সব মিলিয়ে, প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লিতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আকাশপথকেও। আর তারই জেরে কয়েকদিনের জন্য নির্দিষ্ট সময়ে স্তব্ধ থাকবে রাজধানীর বিমান চলাচল।


