Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চলচ্চিত্র নির্মাতা নীরজ ঘেওয়ানের প্রশংসিত ছবি ‘হোমবাউন্ড’ অস্কার ২০২৬-এর দৌড় থেকে ছিটকে গেল। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা করতে পারেনি ছবিটি(OSCAR)।
হোমবাউন্ড-এর অস্কার দৌড়ে ইতি (OSCAR)
লস অ্যাঞ্জেলেসে বৃহস্পতিবার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করে। ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ‘হোমবাউন্ড’ প্রথমে এই বিভাগের ১৫টি ছবির শর্টলিস্টে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা পাঁচে পৌঁছাতে ব্যর্থ হয়।
একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রশংসা
করণ জোহর ও আদার পুনাওয়ালার প্রযোজনায় তৈরি হিন্দি ভাষার এই ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দারুণ সাড়া ফেলেছিল। গত বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সের্তাঁ রিগা’ (Un Certain Regard) বিভাগে প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘হোমবাউন্ড’। এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
শৈশবের বন্ধুত্বই ছবির থিম (OSCAR)
নিউ ইয়র্ক টাইমস-এর সাংবাদিক বশারত পীরের লেখা ‘Taking Amrit Home’ শিরোনামের একটি প্রতিবেদনের অনুপ্রেরণায় নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেথওয়া ও জাহ্নবী কাপুর। ছবির গল্পে উঠে এসেছে এক মুসলিম ও এক দলিত যুবকের শৈশবের বন্ধুত্ব, যারা সামাজিক মর্যাদা ও আত্মসম্মানের খোঁজে পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন দেখে। তাঁদের পদবি ও সামাজিক পরিচয়ের কারণে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়ার ঘটনাই ছবির মূল উপজীব্য। হলিউডের কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসি এই ছবির এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে যুক্ত।
গর্বিত প্রযোজক করণ (OSCAR)
ছবির অস্কার যাত্রা নিয়ে প্রযোজক করণ জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির একটি কোলাজ শেয়ার করে লেখেন, “গর্বিত!!!! তোমার আলোয় আমাদের স্নান করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, নীরজ।” উত্তরে নীরজ ঘেওয়ান লেখেন, “ধন্যবাদ করণ। তুমি সব সময় পাশে থেকেছ। এতদূর আসা তোমাকে ছাড়া সম্ভব হতো না।”
আরও পড়ুন: Saraswati Puja: সরস্বতী পূজা: আজকের প্রজন্ম কী চায়? ভাল রেজাল্ট, নাকি ভাল Wi-Fi?
‘শেষ ১৫-তে থাকাই বড় সম্মান’ (OSCAR)
এদিকে অভিনেতা বিশাল জেঠওয়া-কে বলেন, “চূড়ান্ত মনোনয়নে না পৌঁছালেও শেষ ১৫-তে থাকা নিজেই বড় সম্মান। ‘হোমবাউন্ড’-এর এই আন্তর্জাতিক যাত্রা আমার কাছে আজীবন বিশেষ হয়ে থাকবে।” ৯৮তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।



