Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: লিওনেল মেসির(Lionel Messi) কলকাতা সফরকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় তিনদিনের মধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দিল তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে গঠিত এই কমিটি ঘটনার গভীর তদন্তের জন্য SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠনের সুপারিশ করেছে। একই সঙ্গে প্রথা বহির্ভূতভাবে কীভাবে স্টেডিয়ামের ভিতরে জলের বোতল ঢুকল, তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে কমিটি।
যুবভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্রে কমিটি গঠন(Lionel Messi)
মেসির(Lionel Messi) সফর ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে জলের বোতল ছোড়া শুরু হয়। একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এরপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত কলকাতা ছাড়েন লিওনেল মেসি। গোটা ঘটনায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবিলম্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

মাঠে জলের বোতল কীভাবে?(Lionel Messi)
ঘটনার পরদিন রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। তাঁরা গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। সোমবার রাতেই রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় জানান, সাধারণত যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি নেই। অথচ ঘটনার দিন কীভাবে স্টেডিয়ামের ভিতরে জলের বোতলের স্টল ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: Accident: ফের রক্তাক্ত মা ফ্লাইওভার, গাড়ির ভয়ানক ধাক্কা
যুবভারতী কাণ্ডে সিট গঠনের সুপারিশ কমিটির
কমিটির রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য SIT গঠন করা জরুরি। পাশাপাশি দর্শকরা টিকিটের দাম ফেরত পাবেন কি না, সেই বিষয়েও রাজ্য সরকারকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে কমিটি। উল্লেখ্য, যুবভারতীতে ভাঙচুরের ঘটনার পরেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। এছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জল সরবরাহ, টিকিট বিতরণ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের তলব করেছে পুলিশ। মোট ছয়জনকে মঙ্গলবার থানায় ডেকে পাঠানো হয়েছে। মেসির সফরের সময় তাঁদের দায়িত্ব পালনে কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: Kolkata Metro: বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু হচ্ছে সরাসরি মেট্রো পরিষেবা


