Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোয় মুক্তিপ্রাপ্ত দেবী চৌধুরাণী-র দুর্ধর্ষ সাফল্যের পর ফের বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee )। এই প্রত্যাবর্তন শুধু আরেকটি ছবি নয়, বরং বাংলা ছবির জনপ্রিয় এক আইকনিক চরিত্র কাকাবাবুকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরার মুহূর্ত। বিজয়নগরের হীরে ছবির মাধ্যমে চলতি মাসেই মুক্তি পেতে চলেছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়। তার আগে আজকাল ডট ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে টলিউডের বর্তমান পরিস্থিতি, আক্রমণাত্মক প্রতিযোগিতা এবং সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে নিজের পরিণত ও সংযত ভাবনার কথা জানালেন প্রসেনজিৎ।

টলিউডের আক্রমণাত্মক প্রতিযোগিতা (Prosenjit Chatterjee )
সাম্প্রতিক সময়ে টলিউডে একাধিক ছবির নির্মাতা ও তারকাদের মধ্যে হল পাওয়া, শো সংখ্যা এবং মুক্তির সময় নিয়ে প্রকাশ্য আক্রমণের অভিযোগ উঠেছে। সঙ্গে যুক্ত হয়েছে তারকাদের অনুরাগীদের সোশ্যাল মিডিয়ার সক্রিয় ভূমিকা। এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট করে জানান, বিষয়টিকে তিনি পুরোপুরি ‘আক্রমণাত্মক’ বলে মনে করেন না। তাঁর কথায়, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তাঁদের মুখ থেকে সেই মন্তব্য অনেক সময় শোনা যায় না। বরং তৃতীয় বা চতুর্থ স্তরের মানুষের মুখ ঘুরে সেই কথা বিকৃত হয়ে ছড়িয়ে পড়ে। অর্থাৎ, ‘মিসকোট’ বা ভুল ব্যাখ্যাই অনেক ক্ষেত্রে উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়ায়। এই মন্তব্যে উঠে আসে বর্তমান সময়ের দ্রুত ছড়িয়ে পড়া গুজব সংস্কৃতির বাস্তব চিত্র।
আশীর্বাদ না অভিশাপ? (Prosenjit Chatterjee )
সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রসেনজিতের বক্তব্য আরও গভীর। তিনি অকপটে স্বীকার করেন, তাঁর প্রজন্ম ভাগ্যবান যে তাঁদের সময়ে এতটা সক্রিয় সোশ্যাল মিডিয়া ছিল না। আজকের দিনে একটি কথার ওপর একাধিক ‘লেয়ার’ যুক্ত হয়ে মুহূর্তে তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক সময়ে শিল্পীরা একে অপরের বিরুদ্ধে কিছু বললে, তা যাচাই করার ধৈর্য ছিল। আজ সেই ধৈর্য কমে গেছে। কে কী বলেছে, তা সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করার বদলে, মানুষ বিশ্বাস করছে ভাইরাল হওয়া পোস্ট বা ক্লিপকে। এই প্রবণতাই টলিউডের অন্দরে অযথা বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করছে এমনটাই ইঙ্গিত দেন প্রসেনজিৎ।

ঝগড়া হোক, কিন্তু ঘরের ভেতরেই (Prosenjit Chatterjee )
ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সদস্য হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহকর্মীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ অনুরোধ রাখেন। তাঁর ভাষায়, ঝগড়াঝাঁটি, মতভেদ, এমনকি মারামারিও হতে পারে কারণ যে কোনও পরিবার বা সংসারে তা স্বাভাবিক। কিন্তু সেই অশান্তি যেন ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, কোনও সংসার কি সকালে মাইক হাতে নিয়ে ঘোষণা করে যে গতকাল তাদের ঝগড়া হয়েছে? এই তুলনার মাধ্যমে তিনি বোঝাতে চান, ইন্ডাস্ট্রি এক ধরনের পরিবার। তার অন্তর্দ্বন্দ্বন বাইরে প্রকাশ পেলে পুরো ইন্ডাস্ট্রির ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: Delhi Weather: দিল্লিতে ঘন কুয়াশা, হাড় কাঁপানো ঠাণ্ডা, তাপমাত্রা নামলো ২ এর নীচে
কাকাবাবুর প্রত্যাবর্তন ও নতুন প্রত্যাশা
এই সমস্ত আলোচনা ছাপিয়ে দর্শকদের কাছে সবচেয়ে বড় খবর বিজয়নগরের হীরে ছবিতে ফের কাকাবাবু হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তু চরিত্রে থাকছেন আরিয়ান ভৌমিক। উল্লেখযোগ্যভাবে, এই ছবির পরিচালনায় নেই সৃজিত মুখোপাধ্যায়; বরং নতুন করে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির হাল ধরেছেন চন্দ্রাশিস রায়। আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে ছবিটি মুক্তি পাবে। কাকাবাবুর অভিযানের সঙ্গে প্রসেনজিতের ব্যক্তিগত পরিণত ভাবনা মিলেমিশে এই ছবি ঘিরে বাড়ছে প্রত্যাশা।



