Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : নতুন বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (PSLV-C62 Mission Failed) ISRO। ২০২৬ সালের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণেই ব্যর্থ হল PSLV-C62 মিশন। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হলেও নির্ধারিত কক্ষপথে পৌঁছনোর আগেই বিপত্তি ঘটে। এর ফলে মহাকাশে স্থাপন করা যায়নি মোট ১৬টি স্যাটেলাইট।

উৎক্ষেপণের শুরু, কিন্তু শেষটা অশুভ (PSLV-C62 Mission Failed)
এ দিন সকাল ১০টা ১৮ মিনিটে ২৬০ টন ওজনের PSLV-C62 রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় ধাপ পর্যন্ত সব কিছু স্বাভাবিক থাকায় প্রাথমিক ভাবে মিশন সফল বলেই মনে করা হচ্ছিল। কিন্তু রকেটের তৃতীয় পর্যায়ে পৌঁছনোর পরেই ISRO-এর সঙ্গে রকেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরেই নিয়ন্ত্রণ হারায় মিশন এবং স্যাটেলাইটগুলি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি।
ISRO-র আনুষ্ঠানিক স্বীকারোক্তি (PSLV-C62 Mission Failed)
ঘটনার কিছুক্ষণের মধ্যেই ISRO-এর তরফে এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়,
“PSLV-C62 রকেটের PS3 পর্যায়ের শেষের দিকে একটি প্রযুক্তিগত অসঙ্গতি ধরা পড়েছে। পুরো বিষয়টি বিস্তারিত ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।” এই ঘোষণার মাধ্যমেই মিশনের ব্যর্থতার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে নেয় ইসরো।
হাজার কোটির ক্ষতি (PSLV-C62 Mission Failed)
মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক আশঙ্কা, এই বিপর্যয়ের ফলে হাজার কোটি টাকার স্যাটেলাইট মহাকাশেই চিরতরে হারিয়ে গিয়েছে। এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপগ্রহ ছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO)-র তৈরি অত্যাধুনিক নজরদারি স্যাটেলাইট ‘অন্বেষা’, যার পোশাকি নাম EOS-N1। এই উপগ্রহ কক্ষপথে স্থাপন করা গেলে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারত বলে মনে করা হচ্ছিল। সীমান্ত এলাকা ও শত্রু দেশের গতিবিধির উপর মহাকাশ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানোর জন্যই এই স্যাটেলাইট তৈরি করা হয়েছিল।
আন্তর্জাতিক সহযোগিতায় ধাক্কা (PSLV-C62 Mission Failed)
এ ছাড়াও, এই মিশনে একাধিক আন্তর্জাতিক স্যাটেলাইট ছিল। ফ্রান্স, নেপাল ও ব্রাজিলের বিভিন্ন গবেষণা ও যোগাযোগ স্যাটেলাইটের পাশাপাশি ভারতের বেসরকারি মহাকাশ সংস্থা ধ্রুব স্পেস-এর তৈরি সাতটি স্যাটেলাইটও ছিল PSLV-C62 রকেটে। ফলে এই ব্যর্থতার প্রভাব আন্তর্জাতিক মহলেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্ভরযোগ্য PSLV, তবু কেন প্রশ্ন? (PSLV-C62 Mission Failed)
উল্লেখযোগ্য বিষয় হল, সোমবারের উৎক্ষেপণ ছিল PSLV রকেটের ৬৪তম মিশন। যদিও এই রকেট অতীতে অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত ছিল এবং এর আগে ৬০ বার সফল ভাবে উৎক্ষেপণ সম্পন্ন করেছে, তবু শেষ চারটি উৎক্ষেপণেই একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে ISRO। এর ফলে দেশের মহাকাশ কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : ISRO PSLV-C62: ইসরো বুঝিয়ে দিল মহাকাশে ভারতের অপ্রতিরোধ্য শক্তি?
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা
ঘটনার পরেই মিশনের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তে নেমেছে ISRO। কোন যান্ত্রিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিপর্যয় ঘটল, তা বিশ্লেষণ করে ভবিষ্যতের উৎক্ষেপণগুলিকে আরও সুরক্ষিত করার দিকেই এখন নজর সংস্থার বিজ্ঞানীদের। নতুন বছরের শুরুতেই এই ব্যর্থতা ISRO-র জন্য বড় ধাক্কা হলেও, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এমনটাই আশাবাদী মহাকাশ বিজ্ঞানী মহল।



