Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার রাতে (ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির ঘোষণা করে দাবি করেন (Russia), রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। প্রশ্ন উঠতে থাকে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির বিনিময়ে কি তবে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টানছে ভারত? এই আবহেই বৃহস্পতিবার মস্কোর তরফে যে বিবৃতি এল, তা অনেকটাই স্বস্তি এনে দিল নয়াদিল্লির জন্য।

তেল কেনা ভারতের সার্বভৌম সিদ্ধান্ত (Russia)
রাশিয়ার সরকারি বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, বিশ্বের কোন দেশ থেকে ভারত তেল কিনবে, তা সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব সিদ্ধান্ত। এই বিষয়ে কোনও তৃতীয় পক্ষের চাপ বা নির্দেশ মানতে তারা বাধ্য নয়। মস্কো আরও মনে করিয়ে দিয়েছে, ভারত কেবল রাশিয়া থেকেই জ্বালানি তেল আমদানি করে না তাদের তেল আমদানির উৎস বহুমুখী। এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত আমেরিকার দাবিকে নরম অথচ দৃঢ় ভঙ্গিতে খারিজ করল রাশিয়া। আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পুতিনের দপ্তরের আগের অবস্থান (Russia)
উল্লেখযোগ্য ভাবে, এর আগেই মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর জানিয়েছিল, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারতের কাছ থেকে কোনও সরকারি বার্তা তারা পায়নি। সেই সঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্পষ্ট করেন, “নয়াদিল্লির সঙ্গে কৌশলগত অংশীদারি গড়ে তোলার বিষয়ে বরাবরই আগ্রহী মস্কো।” বৃহস্পতিবারের বিবৃতিতে সেই অবস্থান আরও জোরালো হল ক্রেতা হিসেবে ভারতই ঠিক করবে, তারা কার কাছ থেকে তেল কিনবে।

রুশ তেলে ভারতের নির্ভরতা কতটা? (Russia)
বর্তমানে ভারত প্রতিদিন প্রায় ১৫ লক্ষ ব্যারেল (১.৫ মিলিয়ন) রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপালেও এই আমদানি অব্যাহত ছিল। পরিসংখ্যান বলছে, ভারত রাশিয়ান অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, ভারতের মোট তেল আমদানির এক-তৃতীয়াংশেরও বেশি আসে রাশিয়া থেকে ভারত যদি সত্যিই রুশ তেল কেনা বন্ধ করত, তবে তার আর্থিক প্রভাব মারাত্মক হত মস্কোর জন্য। সেই প্রেক্ষাপটে রাশিয়ার এই বন্ধুত্বপূর্ণ ও সংযত অবস্থানকে অনেকেই ভারতের কূটনৈতিক জয় বলে মনে করছেন।
ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তির অন্দরমহল (Russia)
ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর যে অতিরিক্ত ২৫ শতাংশ ‘পারস্পারিক’ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন, তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক নেমে এসেছে ১৮ শতাংশে তবে এর বিনিময়ে ট্রাম্পের দাবি অনুযায়ী, ভারত আমেরিকা থেকে বিপুল পরিমাণ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: WB Budget: ভোটের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারই হবে তুরুপের তাস
৫০ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি
মার্কিন প্রেসিডেন্টের দাবি, শুল্ক হ্রাসের বদলে ভারত আগামী দিনে আমেরিকা থেকে প্রায় ৫০ হাজার কোটি ডলার মূল্যের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকা) শক্তি, প্রযুক্তি, কয়লা, কৃষিজ পণ্য-সহ বিভিন্ন সামগ্রী আমদানি করবে। এমনকী ট্রাম্প আরও দাবি করেছেন, ভবিষ্যতে আমেরিকার বিরুদ্ধে ভারতের শুল্ক বাধা শূন্যে নামিয়ে আনার দিকেও এগোবে নয়াদিল্লি।



