Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার দুপুরের ব্যস্ত কর্মঘণ্টা। আইটি হাব হিসাবে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভ-এ হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া (Salt Lake)। বহুতল অফিস কমপ্লেক্স গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন। কর্মরত শতাধিক কর্মী তড়িঘড়ি নেমে আসেন নিচতলায়। সূত্রের খবর, প্রথমে ভবনের একটি রেস্তরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে।

কীভাবে ছড়াল আগুন? (Salt Lake)
প্রত্যক্ষদর্শীদের দাবি, বহুতলের এক রেস্তরাঁ থেকেই আগুনের সূত্রপাত। তবে ঠিক কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। গ্যাস লাইনের ত্রুটি, শর্ট সার্কিট কিংবা রান্নাঘরের অসাবধানতা সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। নিরাপত্তার স্বার্থে ভবনের উপর তলা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেন সিকিউরিটি কর্মীরা। আতঙ্কিত কর্মীরা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসেন।
ধোঁয়ায় অসুস্থ মহিলা কর্মী (Salt Lake)
অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন এক বহুজাতিক সংস্থার মহিলা কর্মী। সূত্রের খবর, তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। অন্যান্য কর্মীদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

দমকলের তৎপরতা (Salt Lake)
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধোঁয়া বের করে দেওয়ার কাজও শুরু হয়। দমকল কর্মীরা ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা-ও খতিয়ে দেখছেন। স্প্রিংকলার সিস্টেম, ফায়ার অ্যালার্ম ও জরুরি নির্গমনপথ ঠিকভাবে কাজ করেছে কিনা, তা তদন্তের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: America: মার্কিন পুলিশের গাড়ির ধাক্কা ভারতীয় পড়ুয়ার মৃত্যু
আতঙ্কে ফাঁকা বহুতল
ঘটনার পর আপাতত পুরো বহুতল খালি করে দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বহু সংস্থার কাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। দমকলের তরফে চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত ভবনে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।



