Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি এবং মধ্যপ্রদেশে স্কুল শিক্ষার্থীদের আত্মহত্যা ও আত্মঘাতী প্রচেষ্টার ঘটনায় দেশজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে (School Student Suicide), ঠিক সেই সময় গুজরাটেও ঘটল আরও একটি মর্মান্তিক ঘটনা। মেহসানা জেলার কাদি শহরের এক বেসরকারি স্কুলের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিল এক ষষ্ঠ শ্রেণির ছাত্র। পরিবারের দাবি স্কুলের শিক্ষকদের লাগাতার শাসন-নির্যাতনেই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে ১২ বছরের ওই পড়ুয়া।

আতঙ্কে শিহরিত স্কুল চত্বর (School Student Suicide)
সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যালয় প্রাঙ্গণে আচমকাই উঠে পড়ে হাহাকার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর জখম হয়ে যন্ত্রণায় ছটফট করছিল শিশুটি। স্কুলের প্রধান শিক্ষিকা শালিজা নাইয়ার জানান, কোনও সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
‘হোমওয়ার্ক খাতা আনতে ভুলে’ (School Student Suicide)
পরিবারের দাবি, ওই ছাত্র ভুল করে বাড়ি থেকে হোমওয়ার্কের খাতা আনতে ভুলে গিয়েছিল। সেই ‘অপরাধে’ শিক্ষক শ্রেণিকক্ষে তাকে বারবার বকাবকি করেন এমনকি অন্তত চারবার চড় মারেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, ঠাণ্ডার মধ্যে তাকে দীর্ঘক্ষণ ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বাবা অভিযোগ করেছেন “আমার ছেলের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চলছিল। সেই নির্যাতন সহ্য করতে না পেরেই সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে।”

ভেঙেছে ডান পা, মানসিক আঘাতেও জর্জরিত
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিচে পড়ে ছাত্রটির ডান পা ভেঙে গিয়েছে। শারীরিক আঘাতের পাশাপাশি মানসিকভাবেও সে বিপর্যস্ত। পরিবার জানিয়েছে, বহুদিন ধরেই সে শিক্ষকদের আচরণে অস্বস্তি ও আতঙ্ক অনুভব করত।
থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ (School Student Suicide)
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন, ছাত্র, অভিভাবক, সহপাঠী ও শিক্ষকদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সময়কার সিসিটিভি ছবিও পরীক্ষা করা হবে।
প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ (School Student Suicide)
ঘটনার জেরে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল। তবে অভিভাবক ও স্থানীয়দের প্রশ্ন, কেন শিশুদের উপর শারীরিক শাস্তি ও মানসিক চাপে লাগাম টানা যাচ্ছে না? কেন স্কুলে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করা হচ্ছে না?
আরও পড়ুন: Maharashtra Flyover: হঠাৎ হৃদরোগে নিয়ন্ত্রণ হারাল গাড়ি, তারপর?
স্কুলে নির্যাতনের শিকার!
এই ঘটনার সঙ্গে মিল রেখেই সম্প্রতি দিল্লিতে দশম শ্রেণির ছাত্র মেট্রো স্টেশনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। মধ্যপ্রদেশের একটি বেসরকারি স্কুলেও শিক্ষকদের অত্যাচারে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। একের পর এক এমন ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে, স্কুল কি সত্যিই নিরাপদ? শিশুদের মানসিক সুরক্ষা কোথায়?



