Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হয়েছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Share Market)।
ঘুরে দাঁড়াল শেয়ার মার্কেট (Share Market)
বিশ্বে যুদ্ধের আঁচ যত বেড়েছে ততই ধস নেমেছে দেশের শেয়ার বাজারে। চলতি সপ্তাহের সোমবার থেকে বুধবার বিপুল অঙ্কের পতনের সাক্ষী থেকেছে দালাল স্ট্রিট। তবে এবার উলোট-পুরাণ। সেই যুদ্ধের আবহেই চাঙ্গা হলো দালাল স্ট্রিট। বৃহস্পতিবার সকালে শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। এর পাশাপাশি বেড়েছে টাকার দামও (Share Market)।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ নিফটি৫০ বেড়েছে ১৪৪ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ। এর জেরে এই ইনডেক্স রয়েছে ২৪ হাজার ৪২৪ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স রয়েছে ৭৯ হাজার ৫৫৯ পয়েন্টে। যা শেষ ক্লোজিংয়ের থেকে ০.৫৩ শতাংশ বা ৪২০ পয়েন্ট বেশি। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন লগ্নিকারীরা।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ সেক্টরাল ইনডেক্সও পজিটিভে রয়েছে। দুই এক্সচেঞ্জেই স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলি পজিটিভ রয়েছে। বৃদ্ধি হয়েছে নিফটি মেটাল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি এনার্জি, নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি ফার্মা, নিফটি ইনফ্রাস্ট্রাকচারের মতো অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের। তবে নিফটি আইটি, নিফটি এফএমসিজি এবং নিফটি ইন্ডিয়া ট্যুরিজমের ক্ষেত্রে পতন দেখা গিয়েছে।

নিফটি৫০ ইনডেক্সের লিস্টেড স্টকগুলির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেড়েছে হিন্দালকো, কোল ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড এবং এনটিপিসি-র । অন্যদিকে শেয়ার দরে সবচেয়ে বেশি পতন হয়েছে এইচডিএফসি লাইফ, ম্যাক্স হেলথকেয়ার, এইচসিএল টেক, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, টিসিএস-এর।
আরও পড়ুন: Nitish Kumar: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা, এবার রাজ্যসভায় নীতীশ কুমার!
যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত কয়েকদিনে ব্যাপক পতন হয়েছিল ভারতীয় মুদ্রার। মার্কিন ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর ৯২-এর নীচে নেমেছিল। সেই পর্যায় থেকে বৃহস্পতিবার কিছুটা হলেও স্ট্রং হয়েছে ভারতীয় মুদ্রা। টাকার প্রত্যাবর্তন বাজারের বৃদ্ধির সহায়ক হয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের। তবে আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম এ দিন ফের আরেকবার বেড়েছে (Share Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


