Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের ক্রীড়াজগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ। এক নাবালিকা জাতীয় পর্যায়ের শুটার অভিযোগ করেছেন, গত মাসে হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে কোচ তাকে ধর্ষণ করেন(Shooting)। অভিযোগের ভিত্তিতে হরিয়ানা পুলিশ মামলা দায়ের করেছে এবং জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (NRAI) অঙ্কুশ ভরদ্বাজকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
কোচের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ (Shooting)
ফরিদাবাদে ৬ জানুয়ারি দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, ১৭ বছর বয়সি ওই শুটার জানান, ১৬ ডিসেম্বর দিল্লির ড. কারনি সিং শুটিং রেঞ্জে একটি জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ঘটনাটি ঘটে। অভিযোগকারী জানান, ২০১৭ সাল থেকে তিনি শুটিং প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত আগস্ট থেকে অঙ্কুশ ভরদ্বাজের অধীনে অনুশীলন শুরু করেন।
খেলোয়াড় জীবন নষ্ট করে দেওয়ার হুমকি! (Shooting)
অভিযোগ অনুযায়ী, প্রতিযোগিতা শেষে পারফরম্যান্স নিয়ে আলোচনা করার অজুহাতে কোচ ওই শুটারকে ফরিদাবাদের সুরজকুণ্ড এলাকার একটি পাঁচতারা হোটেলে ডেকে নেন। প্রথমে লবিতে অপেক্ষা করলেও পরে তাকে তৃতীয় তলার ঘরে যেতে বলা হয়। সেখানে ‘ব্যাক ক্র্যাক’ বা ফিজিওথেরাপির অজুহাতে তাকে শারীরিকভাবে নিপীড়ন করা হয় বলে অভিযোগ। তিনি বাধা দিলে কোচ তার খেলোয়াড় জীবন নষ্ট করে দেওয়ার হুমকি দেন বলেও দাবি।
পকসো আইনে মামলা (Shooting)
ভয়ে ও মানসিক আঘাতে তিনি প্রথমে কাউকে কিছু জানাননি। পরে আচরণে পরিবর্তন লক্ষ্য করে মা জিজ্ঞেস করলে পুরো ঘটনা জানান। এরপর মায়ের সঙ্গে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ধারা ৬ (নাবালকের বিরুদ্ধে গুরুতর যৌন অপরাধ) ও ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(২) ধারায় মামলা হয়েছে।
নৈতিকতার ভিত্তিতে কোচকে বরখাস্ত (Shooting)
NRAI জানিয়েছে, নৈতিকতার ভিত্তিতে কোচকে বরখাস্ত করা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে। অঙ্কুশ ভরদ্বাজ ২০০৮ কমনওয়েলথ ইয়ুথ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার। অতীতে ডোপিং কাণ্ডে ব্যানড হন তিনি। বর্তমানে তিনি পাঞ্জাবের মোহালিতে একটি শুটিং অ্যাকাডেমি চালান এবং জাতীয় কোচদের একজন।



