Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোনিয়া গান্ধীর লেখা বই শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের স্মৃতিচারণ নয়, বরং সমকালীন ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে (Sonia Gandhi)। বইটিতে তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবন, তাঁদের চিন্তাভাবনা এবং দেশ সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি যেভাবে তুলে ধরা হয়েছে, তা ভবিষ্যতের গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল সোনিয়ার বই (Sonia Gandhi)
সোনিয়া গান্ধীর লেখা বই সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, সত্যিকারের ঘটনাবলিকে যেভাবে লেখিকা তুলে ধরার চেষ্টা করেছেন, তা নিঃসন্দেহে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তাঁর মতে, বইটির মধ্যে একটি রাজনৈতিক দলিল তৈরি হয়েছে। তৎকালীন ভারতবর্ষের পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন ও তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে। প্রদীপ ভট্টাচার্যের বিশ্বাস, আগামী দিনে যাঁরা ভারতের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণা করবেন, তাঁদের কাছে এই বই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে ছাত্রছাত্রী ও গবেষকদের কাছে বইটি আকর্ষণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তিনি(Sonia Gandhi)।
ইন্দিরা গান্ধীকে যেভাবে দেখেছেন সোনিয়া (Sonia Gandhi)
সাক্ষাৎকারে উঠে আসে ইন্দিরা গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক এবং বইয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর মূল্যায়নের প্রসঙ্গ। প্রদীপ ভট্টাচার্যের কথায়, সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীকে যেভাবে দেখেছেন এবং বিশ্লেষণ করেছেন, তা যথার্থ। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর একাধিকবার সাক্ষাৎ ও কথোপকথনের সুযোগ হয়েছিল। তাঁর মতে, ইন্দিরা গান্ধী সত্যিই দেশের সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘গরিবি হটাও’ স্লোগান দেশের রাজনীতিতে এক নতুন আলোড়ন তৈরি করেছিল। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছিলেন।
প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়? (Sonia Gandhi)
সাক্ষাৎকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক বিতর্ক। প্রদীপ ভট্টাচার্য স্পষ্টভাবে জানান, প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল। তাঁর দাবি, প্রণববাবুর সঙ্গে ব্যক্তিগত আলোচনায় একাধিকবার সেই ইঙ্গিত পেয়েছিলেন তিনি। তবে এই ইচ্ছার কথা প্রকাশ্যে বললে অনেকে ক্ষুব্ধ হতে পারেন, সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি প্রদীপবাবু। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী হওয়ার মতো রাজনৈতিক যোগ্যতা ও অভিজ্ঞতা প্রণব মুখোপাধ্যায়ের মধ্যে যথেষ্ট ছিল।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
মনমোহন সিংকে বেছে নেওয়ায় ভুল করেননি সোনিয়া?
প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার প্রসঙ্গ উঠলেও মনমোহন সিংয়ের নেতৃত্বের প্রশংসা করেছেন প্রদীপ ভট্টাচার্য। তাঁর মতে, মনমোহন সিংয়ের রাজনৈতিক গুরুত্ব নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তাঁর সততা এবং প্রশাসনিক দক্ষতার তুলনা করা কঠিন। তাই প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে বেছে নিয়ে সোনিয়া গান্ধী কোনও ভুল করেননি বলেই মনে করেন তিনি। পাশাপাশি প্রণব মুখোপাধ্যাকেও সোনিয়া গান্ধী কখনও খাটো করেননি বলে দাবি প্রদীপবাবুর। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের যে স্বীকৃতি প্রাপ্য, বইয়ে তাঁকে সেই মর্যাদাই দেওয়া হয়েছে বলে তাঁর মত।



