Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার ভোরে তেলঙ্গানায় ঘটে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা (Telangana Road Accident)। সূত্রের খবর, এ ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার শেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে, যেখানে রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুমড়ে-মুচড়ে গেল বাস ও ট্রাক (Telangana Road Accident)
সূত্রের খবর, যাত্রী বোঝাই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন তাতে। অন্যদিকে, চেভেল্লা থেকে তাণ্ডুরের দিকে আসছিল পাথর বোঝাই একটি ট্রাক। পুলিশ জানায়, ট্রাকটি ভুল লেন দিয়ে আসছিল, ফলে বিজাপুর হাইওয়ে এলাকায় ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও ট্রাকের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঘন কুয়াশা ও অতিরিক্ত গতিই কারণ? (Telangana Road Accident)
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের সঙ্গে যুক্ত হয় পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখনো নিখোঁজ থাকতে পারেন যাত্রীরা (Telangana Road Accident)
সংঘর্ষের তীব্রতায় যানদুটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ায়, এখনও কয়েকজন যাত্রী ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত রেসকিউ অপারেশন চালাচ্ছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই হেভি ক্রেন ও উদ্ধার সরঞ্জাম পৌঁছে গেছে।
মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ ও তদন্তের নির্দেশ (Telangana Road Accident)
ঘটনার পর তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। পরিবহন মন্ত্রী পোনাম প্রভাকর-ও দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO)-এর X হ্যান্ডলে এক পোস্টে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে এবং আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার নেবে।
আরও পড়ুন: Monday Horoscope: আজ রাশিফল কী বলছে! প্রেম, অর্থ ও কর্মে কার কপালে সুখ আনবে?
প্রশাসনের জরুরি ব্যবস্থা
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপি-কে নির্দেশ দিয়েছেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে। পাশাপাশি, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করতে মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পুরো এলাকা পুলিশে ঘেরা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত শুরু হয়েছে।



