Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তিরুমালায় প্রসাদ ও ভক্তদের জন্য পরিবেশিত খাবারের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই অত্যাধুনিক খাদ্য পরীক্ষাগার চালু করতে চলেছে অন্ধ্র সরকার(Tirumala Lab)। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি বিধায়ক ওয়াই সত্যকুমার যাদব জানিয়েছেন, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই ল্যাবরেটরি গড়ে তোলা হচ্ছে। প্রসাদ তৈরিতে ব্যবহৃত প্রায় ৬০ ধরনের কাঁচামাল যেমন ঘি, কাজু, কিশমিশ, বাদাম, ছোলা, চিনি, এলাচ, হলুদ ও লঙ্কাগুঁড়ো পরীক্ষা করা হবে এখানে।
‘ই-টাং’ ও ‘ই-নোজ’ (Tirumala Lab)
এই ল্যাবের বিশেষ আকর্ষণ ফ্রান্স থেকে আমদানি করা ‘ই-টাং’ ও ‘ই-নোজ’ মেশিন, যার জন্য খরচ হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। এই যন্ত্রগুলি ঘির গুণগত মানে সামান্যতম পরিবর্তনও শনাক্ত করতে সক্ষম। মন্ত্রীর দাবি, “গুণমানে অল্পতম ঘাটতিও ধরা পড়বে এই প্রযুক্তিতে।” ল্যাবের নির্মাণকাজ ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং আগামী মাসেই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা। মে মাসের মধ্যে সমস্ত যন্ত্রপাতি বসানো হবে।

নমুনা নিয়মিত পরীক্ষা হবে (Tirumala Lab)
২০২৪ সালের ৮ অক্টোবর রাজ্য স্বাস্থ্য দফতর ও এফএসএসএআই-এর মধ্যে চুক্তির পর এই প্রকল্প শুরু হয়। এফএসএসএআই ২৩ কোটি টাকা মঞ্জুর করেছে। তিরুমালার ১২ হাজার বর্গফুটের একটি সংস্কার করা দুইতলা ভবনে ল্যাবটি তৈরি হয়েছে। প্রায় ৫০টি আধুনিক যন্ত্রে সজ্জিত এই কেন্দ্রে মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি ও সেন্সরি অ্যানালিসিস পরীক্ষা হবে। খাদ্য ও জলের নমুনায় ২০০ ধরনের কীটনাশক, ভারী ধাতু, জীবাণু ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা যাবে। টিটিডি-র প্রসাদ ও জলের নমুনা নিয়মিত পরীক্ষা করা হবে। প্রায় ৪০ জন কর্মী ল্যাব পরিচালনা করবেন।
আরও পড়ুন: Mamata On Mukul Roy: ‘ভ্রাতৃসম সহকর্মীকে হারালাম’-মুকুলের মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী
মন্দিরে ঘি ভেজালের অভিযোগ (Tirumala Lab)
২০২৪ সালে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরে ঘি ভেজালের অভিযোগ তোলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন হয়। রিপোর্টে দাবি, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২৫০ কোটি টাকার ভেজাল ঘি প্রসাদ তৈরিতে ব্যবহার হয়েছে। এই ইস্যুতে টিডিপি ও ওয়াইএসআরসিপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে।



