Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সাল টলিপাড়ার অনেক তারকার কাছেই সুখস্মৃতির বছর হয়ে থাকেনি (Tollywood Celebrity)। কখনও দীর্ঘ দিনের বন্ধুত্ব ভেঙে গিয়েছে, কখনও বা সাজানো সংসারে হঠাৎ করেই নেমে এসেছে বিচ্ছেদের ছায়া। প্রেম, বিয়ে, পুনর্মিলন সবকিছুর পরেও শেষ পর্যন্ত আলাদা পথ বেছে নিতে হয়েছে একাধিক পরিচিত মুখকে। নানা কারণ, নানা প্রেক্ষাপটে ভাঙনের গল্প কিন্তু মিল একটাই, ব্যক্তিগত জীবনের গভীর টানাপোড়েন। ২০২৫ সালে টলিপাড়ার যে তারকারা বিচ্ছেদের পথে হাঁটলেন, তাঁদের সম্পর্কের ওঠাপড়ার দিকেই নজর

বন্ধুত্ব থেকে বিয়ে, শেষে বিচ্ছেদ (Tollywood Celebrity)
১২ বছরের বন্ধুত্ব থেকে বিয়ের সিদ্ধান্ত অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক শুরু থেকেই ছিল ব্যতিক্রমী। অভিনয়ের সূত্রে আলাপ, ধীরে ধীরে বন্ধুত্ব, আর তার পর পাহাড় সফরে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত। ২০২২ সালে বৈদিক মতে তাঁদের বিয়ে হয়, যদিও হিন্দুশাস্ত্রীয় রীতিতে নয়। অঙ্কিতা ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে মুনের চরিত্রে বিপুল জনপ্রিয়তা পান। পরবর্তী সময়ে টেলিভিশন ও সিনেমায় কাজ করলেও সেই সাফল্যকে ছাপিয়ে যেতে পারেননি। প্রান্তিকও ছোটপর্দা ও বড়পর্দায় নিয়মিত কাজ করেছেন। কিন্তু তিন বছরের দাম্পত্যে শেষ পর্যন্ত ছন্দপতন। ২০২৫ সালে প্রান্তিক নিজেই জানান, তাঁরা বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ ঘিরে বিতর্কও কম হয়নি। কারণ, প্রান্তিকের প্রকাশ্য মন্তব্যের কথা প্রথমে জানতেনই না অঙ্কিতা। বর্তমানে অঙ্কিতা রয়েছেন মুম্বইয়ে, প্রান্তিক কলকাতায়। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য ব্যক্তিগত বিষয় তিনি ব্যক্তিগতই রাখতে চান।

সমাজমাধ্যমের আড়ালের বাস্তবতা (Tollywood Celebrity)
বছরের শেষ লগ্নে নিজেরাই বিচ্ছেদের কথা ঘোষণা করে আলোচনায় আসেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও নেটপ্রভাবী শ্রীনন্দা শঙ্কর এবং তাঁর স্বামী গেব সাতারওয়ালা। ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু তা নিয়েছেন দু’জনেই। শ্রীনন্দা শঙ্কর পরিবারের সন্তান কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের নাতনি। মডেলিংয়ের পাশাপাশি ‘বসু পরিবার’, ‘এক যে ছিল রাজা’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বিয়ের পর থেকে মুম্বইয়েই সংসার পাতেন শ্রীনন্দা। বাইরে থেকে তাঁদের সম্পর্ক ছিল যথেষ্ট সুখী বলেই মনে হতো। শ্রীনন্দার ব্লগ ও সমাজমাধ্যমে প্রায়ই দেখা যেত গেব ও তাঁর পরিবারের সদস্যদের। কিন্তু বিচ্ছেদের ঘোষণায় শ্রীনন্দা নিজেই জানান, সমাজমাধ্যমে যা দেখা যায়, সবটাই বাস্তব নয়। বিচ্ছেদ আগেই হয়েছিল, আনুষ্ঠানিক ঘোষণা এসেছে পরে। এই সম্পর্কভাঙন যেন আরও একবার মনে করিয়ে দিল ক্যামেরার আড়ালে থাকা সত্য অনেক সময় চোখে পড়ে না।

নীরবতার আড়ালে ভাঙনের গল্প (Tollywood Celebrity)
এক সময়ের জনপ্রিয় টেলিভিশন নায়িকা শ্রীপর্ণা রায় ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ছিলেন সংযত। ধারাবাহিকের নায়িকা হয়েও তাঁকে ঘিরে প্রেমের গুঞ্জন খুব একটা শোনা যায়নি। ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল চিকিৎসক পাত্রকে বিয়ে করার। সেই মতোই একটি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। বিয়ের দু’বছরের মধ্যেই সম্পর্কে তাল কাটে। কী কারণে বিচ্ছেদ, তা কোনও দিনই প্রকাশ্যে আনেননি শ্রীপর্ণা। এমনকি আইনি বিচ্ছেদ হয়েছে কি না, নাকি তাঁরা শুধু আলাদা থাকছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ব্যক্তিগত জীবনের ধাক্কার পর আবার অভিনয়ে ফেরেন শ্রীপর্ণা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি ২’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে। নীরবতার আড়ালেই যেন নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

ভাঙা-গড়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত (Tollywood Celebrity)
সুন্দরবনের মেয়ে সুস্মিতা রায়ের জীবনের সঙ্গে লড়াই শব্দটি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কঠিন বাস্তবতা পেরিয়ে ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সেই লড়াইয়ের মাঝেই সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিয়ে, সুখী সংসার সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বছর কয়েক আগে সেই সম্পর্কে চিড় ধরে। বিচ্ছেদের ঘোষণা দেন দু’জনেই, আলাদা থাকতে শুরু করেন। পরে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কাছাকাছি আসেন তাঁরা। অনেকেই ভেবেছিলেন, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ২০২৫ সালের জুলাই মাসে, সুস্মিতার জন্মদিনেই ফের বিচ্ছেদের কথা ঘোষণা করেন দম্পতি। বিচ্ছেদের পর সুস্মিতা নতুন ব্যবসা শুরু করেছেন। তবে তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। তবুও এই সম্পর্কের ওঠানামা ২০২৫ সালের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে রইল।

আরও পড়ুন: Train Accident In Tunnel: টানেলের ভিতরে ভয়াবহ ট্রেন সংঘর্ষ, উত্তরাখণ্ডের চামোলিতে রক্তাক্ত রাত
দ্রুত প্রেম, দ্রুত বিচ্ছেদ
‘আলো ছায়া’ ধারাবাহিকের সেট থেকেই দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর প্রেমের শুরু। দু’জনেই ছোটপর্দার অভিনেতা। প্রেমপর্ব ছিল স্বল্পস্থায়ী, কিন্তু সিদ্ধান্ত ছিল দ্রুত ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। তিন বছরের মধ্যেই সেই সম্পর্কে ছন্দপতন। ২০২৫ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দীপ্সিতা ও কৌশিক। শোনা যায়, কৌশিককে না জানিয়েই সমাজমাধ্যমে বিচ্ছেদের কথা জানান দীপ্সিতা, যা নিয়ে বিতর্কও তৈরি হয়। ঠিক কী কারণে এই বিচ্ছেদ, তা এখনও অজানা।



