Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান ব্যস্ত জীবনে স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ওজন কমাতে বহু মানুষই প্রোটিন-ভিত্তিক ডায়েট মেনে চলছেন। রোজকার খাদ্যতালিকা থেকে বাদ যাচ্ছে ভাত, রুটি, চিড়ে, এমনকি আলুও। বদলে জায়গা করে নিচ্ছে ডিমের সাদা অংশ, গ্রিলড চিকেন, দই, শসা, ওটসের(Oats Poha) মতো স্বাস্থ্যকর খাবার। তবে দীর্ঘদিন একই স্বাদের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তখন ডায়েট বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই প্রয়োজন পড়ে স্বাস্থ্যকর অথচ সুস্বাদু কোনও রেসিপির।
ওজন কমানোর ডায়েটে জুড়ে নিন সুস্বাদু ওটস পোলাও(Oats Poha)
একটি সহজ, পুষ্টিকর ও কম ক্যালোরির রেসিপি হল ওটস পোলাও (Oats Poha)। এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে রোলড ওটস, যা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং ওজন কমাতে সাহায্য করে। চিনেবাদাম সরবরাহ করে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। জেনে নিন স্বাস্থ্যকর এই রেসিপিটি বানাবেন কী ভাবে?

উপকরণ:(Oats Poha)
৩ কাপ রোলড ওটস
১/২ চা চামচ হলুদ
১/৪ কাপ চিনেবাদাম
১ চা চামচ সর্ষের দানা
১ চিমটে হিং
১টি মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নেওয়া
১০টি কারিপাতা
১টি শুকনো লঙ্কা
২টি কাঁচা লঙ্কা
১/২ ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
১/৪ কাপ কড়াইশুটি (বাদ দিতে পারেন)
১টি গাজর কুচিয়ে নেওয়া
১ টি মাঝারি মাপের আলু কুচিয়ে নেওয়া
২ টেবিল চামচ লেবুর রস
স্বাদ মতো নুন
১ চা চামচ গুড় (বাদ দিতে পারেন )
প্রয়োজন অনুযায়ী ঘি এবং তেল
আরও পড়ুন: Iron Cauldron: পুরনো অভ্যাসেই ফিরবে কী স্বাস্থ্যগুন?
রান্নার পদ্ধতি:(Oats Poha)
প্রথমে গরম জলে ওটস ভিজিয়ে রাখুন চার মিনিট। অতিরিক্ত জল ছেঁকে ফেলে দিন। এ বার প্যানে তেল দিয়ে চিনেবাদাম ভেজে তুলে নিন। তার পরে ওই তেলেই দিন, এক টেবিল চামচ ঘি, কারিপাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন। সুগন্ধ বেরোলে দিয়ে দিন হিং। এর পরে সামান্য নাড়াচাড়া করে একে একে দিন কুচনো পেঁয়াজ, লঙ্কা, আলু, গাজর, ক্যাপসিকাম এবং কড়াইশুঁটি। হালকা নুন ছড়িয়ে সব্জি গুলি নাড়াচাড়া করুন, চাপা দিয়ে রান্না হতে দিন।

আলু আর গাজর নরম হয়ে সেদ্ধ হয়ে এলে কড়াইয়ে দিয়ে দিন ভিজিয়ে রাখা ওটস। কিছুক্ষণ রান্না করে হলুদ, গুঁড় দিয়ে মিশিয়ে নিন। এবার অল্প জল ছিটিয়ে মিনিট তিনেক ঢাকা দিয়ে রান্না করুন। শেষে চিনেবাদাম, লেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
এই হেলদি রেসিপিটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। ওজন কমানোর যাত্রায় এটি হতে পারে আপনার ডায়েটের একটি দুর্দান্ত সংযোজন। নিয়মিত একঘেয়ে খাবারের তালিকায় এই রকম একটু ভিন্ন স্বাদের হেলদি পদ আপনার শরীর ও মনের জন্য হবে উপকারী।


