Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে নজিরবিহীন কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। বুথের ভিতরের পাশাপাশি এবার বুথের বাইরেও সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর(Vote Prep Commission)। কমিশনের ব্যাখ্যা, বুথের বাইরে কোনও গণ্ডগোল বা অশান্তি হলেই যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
সিসিটিভি ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা (Vote Prep Commission)
এতদিন বুথের ভিতরে সিসিটিভি ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা ছিল। এবার বুথ চত্বরে ৩৬০ ডিগ্রি নজরদারির আওতায় আনতে বাইরে ক্যামেরা বসানো হবে। বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজার্ভাররা। তাঁদের রিপোর্ট সরাসরি কমিশনের কাছে পৌঁছবে।
কড়া অবস্থান কমিশনের
কেন্দ্রীয় বাহিনী নিয়েও এবার কড়া অবস্থান নিয়েছে কমিশন। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেন কোনও ব্যক্তির আতিথেয়তা গ্রহণ না করেন। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
জোরকদমে ভোটের প্রস্তুতি
রাজ্যে জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। সূত্রের খবর, ১৫ অথবা ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগেই প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় চলছে রুটমার্চ। নন্দীগ্রাম, জামুড়িয়া, পুরুলিয়া, ভাঙড়-সহ একাধিক স্পর্শকাতর এলাকায় সক্রিয় রয়েছে বাহিনী।
বাহিনীর গতিবিধিতেও কড়া নজরদারি (Vote Prep Commission)
কেন্দ্রীয় বাহিনীর গতিবিধিতেও থাকছে কড়া নজরদারি। তাঁদের গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। পাশাপাশি জওয়ানদের বডি-ক্যামেরা দেওয়ার কথাও আগেই জানানো হয়েছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কাজ করবে। তারা এলাকায় টহল দেবে, পরিস্থিতি খতিয়ে দেখবে। প্রতিদিনের সমস্ত ফিডব্যাক কমিশনের কাছে পৌঁছবে।
গণ্ডগোল বরদাস্ত করা হবে না (Vote Prep Commission)
কমিশনের বার্তা স্পষ্ট বুথের ভিতরে হোক বা বাইরে, কোনও রকম গণ্ডগোল বরদাস্ত করা হবে না। নজরদারি ও জবাবদিহি আরও কড়া করে ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখাই এখন কমিশনের মূল লক্ষ্য।



