Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (WB Election 2026) ঘিরে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০২১ সালের নির্বাচনে রাজ্যে মোট ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল, যা নিয়ে সেই সময় বেশ বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘ ভোটপর্বের কারণে প্রশাসনিক চাপ ও রাজনৈতিক উত্তেজনা বাড়ার অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কমিশন ভোটের দফা উল্লেখযোগ্যভাবে কমিয়ে মাত্র ২ দফায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
দুই দফায় ভোট (WB Election 2026)
ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা (WB Election 2026) নির্বাচনে রাজ্যে ভোট হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। অর্থাৎ দুই দফাতেই সম্পন্ন হবে গোটা নির্বাচন প্রক্রিয়া। পাঁচ রাজ্যের এই নির্বাচনের ফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি চার রাজ্যে ভোটগ্রহণ হবে এক দফাতেই।
কোন মতামতকে গুরুত্ব? (WB Election 2026)
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্য সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে বাম দলগুলির তরফে ভোটের দফা কমানোর দাবি জানানো হয়েছিল। তাঁদের মতে, কম দফায় নির্বাচন হলে অযথা দীর্ঘ সময় ধরে উত্তেজনা বজায় থাকবে না। কমিশন শেষ পর্যন্ত সেই মতামতকেই গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: WB Election 2026: বাংলায় দুই দফায় ভোট, দ্বিতীয় দফায় কোন কোন জেলায় ভোট?
তবে এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট কত দফায় হচ্ছে তা নিয়ে দল বিশেষ চিন্তিত নয়। দলের মুখপাত্রদের বক্তব্য, শেষ পর্যন্ত মানুষই ভোট দেবে এবং ফল নির্ধারণ করবে। অন্যদিকে বিজেপির একাংশের দাবি, যখন অন্য রাজ্যে এক দফাতেই নির্বাচন সম্ভব হচ্ছে, তখন বাংলায় দু’দফায় ভোট হওয়া নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। সব মিলিয়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক আরও জোরালো হয়ে উঠেছে।


