Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাজুড়ে এখন যেন শীত নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে হাজির (Weather Kolkata)। ভোর থেকে রাত চারদিকেই হাড় কাঁপানো ঠান্ডা, তার সঙ্গে দাপট দেখাচ্ছে উত্তুরে হাওয়া। গত কয়েকদিন ধরে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে একটাই শব্দ ঘুরেফিরে আসছে ‘উত্তুরে হাওয়া’। এই হাওয়াই যেন বাংলার শীতের আসল জ্বালানি। কিন্তু হঠাৎ করে এমন প্রবল শীতের কারণ কী? আবহবিদদের মতে, এর নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে জন্ম নেওয়া একটি নিম্নচাপ, যা শীতের বাংলায় একেবারে অন্য রূপে ধরা দিয়েছে।

বর্ষার কালক্ষণ, শীতের নায়ক (Weather Kolkata)
সাধারণত নিম্নচাপ মানেই বৃষ্টি, ঝড় আর দুর্যোগের আশঙ্কা। বর্ষাকালে নিম্নচাপ বাংলায় এনে দেয় দুর্ভোগ, জলযন্ত্রণা আর ক্ষয়ক্ষতি। কিন্তু শীতের ক্ষেত্রে এই নিম্নচাপই হয়ে উঠেছে আশীর্বাদ। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে জন্ম নেওয়া নতুন নিম্নচাপই এখন বাংলার আবহাওয়ার মোড় ঘুরিয়ে দিয়েছে। এই নিম্নচাপ সরাসরি বাংলার উপর নেই, বরং অনেকটা দূরে অবস্থান করলেও তার প্রভাব যথেষ্ট গভীর। আবহবিদদের ব্যাখ্যায়, এই নিম্নচাপ গোটা দেশের স্থলভাগের ঠান্ডা হাওয়াকে নিজের দিকে টেনে নিচ্ছে এবং সেই হাওয়াই প্রবল বেগে ছুড়ে দিচ্ছে বাংলার দিকে। ফলাফল অবিরাম উত্তুরে হাওয়া এবং ক্রমশ নামতে থাকা পারদ।
কেন বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট? (Weather Kolkata)
উত্তুরে হাওয়া মূলত আসে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের স্থলভাগ থেকে, যেখানে এই সময়ে তাপমাত্রা অত্যন্ত কম থাকে। যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়, তখন একটি চাপের পার্থক্য তৈরি হয়। এই পার্থক্যের কারণেই উত্তরের ঠান্ডা হাওয়া আরও দ্রুত ও শক্তিশালী হয়ে বাংলার দিকে ধেয়ে আসে। এই মুহূর্তে সেই প্রক্রিয়াই চলছে। ফলে বাংলার শীতের ‘মাইলেজ’ বেড়ে গিয়েছে বহুগুণ। বাতাসে আর্দ্রতা কম থাকায় ঠান্ডার কামড় আরও বেশি অনুভূত হচ্ছে।

বৃষ্টি নেই, তবু ঠান্ডার দাপট (Weather Kolkata)
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিম্নচাপ থাকলে কি বৃষ্টি হবে না? আবহাওয়া দফতরের স্পষ্ট বক্তব্য, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপটি বাংলা থেকে অনেক দূরে থাকায় তার প্রভাব শুধুই হাওয়ার গতিপথে সীমাবদ্ধ। তাই দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক, পরিষ্কার আকাশ থাকলেও ঠান্ডার তীব্রতা কমার কোনও লক্ষণ নেই।
উত্তরবঙ্গের সমীকরণ আলাদা (Weather Kolkata)
যদিও গোটা বাংলাতেই উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পার্বত্য জেলাগুলিতে তুষারপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট, যা দিনের বেলাতেও স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে।
আরও পড়ুন: Rice: চিনকে পিছনে ফেলে চাল উৎপাদনে বিশ্বসেরা ভারত: দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
রেকর্ড ভাঙা ঠান্ডায় কাঁপছে বাংলা (Weather Kolkata)
মঙ্গলবার কার্যত ইতিহাস গড়েছে কলকাতার আবহাওয়া। প্রায় দেড় দশকের মধ্যে অন্যতম শীতলতম দিনের সাক্ষী থেকেছে শহর।
- দমদমে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে
- আলিপুরে পারদ ছুঁয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস
- শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে গিয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে
- বাঁকুড়ায় পারদ ৭.৮ ডিগ্রি সেলসিয়াস
- জলপাইগুড়ি ও কোচবিহারে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ ডিগ্রির আশপাশে
এই তীব্র ঠান্ডার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও বহু জায়গায় কুয়াশার চাদর কাটতে দেরি হচ্ছে।



