Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট। কোথাও শীতের শেষ কামড়, আবার কোথাও তাপমাত্রার ঊর্ধ্বগতি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই এখন তাপমাত্রার লুকোচুরি খেলা চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তেই আবহাওয়ার একটি বড় পরিবর্তন আসতে চলেছে রাজ্যে(Weather)।
কলকাতার আবহাওয়া (Weather)
কলকাতায় গত কয়েকদিন ধরে শীতের যে আমেজ ছিল, তাতে এবার লাগাম পড়তে চলেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি নীচে থাকলেও, আগামিকাল থেকেই পারদ চড়বে। আজ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা : 15.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা : 28 ডিগ্রি সেলসিয়াস। শনি ও রবিবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। সকাল এবং রাতে হালকা শীতের আমেজ থাকলেও, বেলায় রোদের তেজ বাড়ায় শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে যাবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, আগামী ৭ দিন সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় দিনের বেলা শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে যাবে। উইকেন্ডে রোদের তেজ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৭ থেকে ১৯ ডিগ্রিতে।
উত্তরবঙ্গ আবহাওয়া (Weather)
সমতলে বসন্তের ছোঁয়া লাগলেও পাহাড়ি এলাকাগুলোতে এখনও থিতু হয়ে বসে আছে শীত। তবে সেখানেও রোদের দেখা মিলছে। দার্জিলিংয়ে বর্তমান তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৬ ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পর্যটকদের জন্য সুখবর হলো—সকালে তীব্র শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া অত্যন্ত মনোরম হয়ে উঠছে।
আরও পড়ুন: New Zealand: বিশ্বকাপে আমিরশাহিকে হেলায় হারাল নিউজিল্যান্ড
আংশিক মেঘলা আকাশ (Weather)
বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বাংলার কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন বড় কোনো কুয়াশার দাপট থাকবে না। তবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশা দেখা যেতে পারে।



