Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর দু’দিন আগে রাতভর একটানা (Weather Update) বৃষ্টিতে জলের নিচে কলকাতা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর পর্যন্ত জল। বহু বাড়ির একতলায় ঢুকে পড়েছে জল। শহরের বিভিন্ন প্রান্তে পুজোর প্রস্তুতি থমকে গেছে। কোথাও স্টল ভেঙে পড়েছে, কোথাও আবার বিজ্ঞাপন গেট চূর্ণবিচূর্ণ। এমন বৃষ্টিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন-এ কী তবে ‘মেঘভাঙা বৃষ্টি’?
পার্বত্য অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ঘটনা (Weather Update)
সম্প্রতি দেশের পার্বত্য অঞ্চলে (Weather Update) (উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর) একাধিকবার ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি-এই সব অঞ্চলে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে গ্রাম নিশ্চিহ্ন হয়েছে। বদ্রিনাথ হাইওয়ে, গঙ্গোত্রী হাইওয়ের একাংশ জলমগ্ন। হিমাচলের মানালিতে দেখা গেছে ভয়াবহ অবস্থা। জম্মু-কাশ্মীরের কিশতোয়ারেও প্রাণ হারিয়েছেন অনেকে। এই প্রেক্ষিতে কলকাতার মতো সমতলে এত প্রবল বর্ষণ দেখে অনেকেই ভাবতে শুরু করেন-এটাও কি মেঘভাঙা বৃষ্টি?
এটাও কি মেঘভাঙা বৃষ্টি? (Weather Update)
এই বিভ্রান্তি দূর করলেন আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, কলকাতার ভৌগলিক অবস্থান অনুযায়ী ক্লাউডবার্স্ট হওয়া সম্ভব নয়। কারণ, মেঘভাঙা বৃষ্টি মূলত পাহাড়ি এলাকায় হয়, যেখানে দ্রুতগতিতে উল্লম্ব মেঘ গঠিত হয়ে বিপুল জলীয় বাষ্প জমে বৃষ্টিতে রূপান্তরিত হয়।

তাহলে কলকাতায় এই বৃষ্টির উৎস কী?
হাবিবুর রহমান জানাচ্ছেন, এটা নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হওয়া ঘনীভূত বর্ষণ। প্রচুর জলীয় বাষ্প একত্রিত হয়ে অল্প সময়ে বৃষ্টি নামিয়েছে। যদিও সোমবার রাতের বৃষ্টিতে শহরে ৪–৫ ঘণ্টায় ২৫০–৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অত্যন্ত উচ্চমাত্রার, তা-ও মেঘভাঙা বৃষ্টির সংজ্ঞার সঙ্গে মেলে না।
আরও পড়ুন: Ballygunge: শহরে ফের বৃষ্টির আশঙ্কা, জল নামেনি বালিগঞ্জে, রাস্তার বেহাল দশা!
তাহলে ‘মেঘভাঙা বৃষ্টি’ আসলে কী?
ভূগোল বলছে, যখন উল্লম্বভাবে গঠিত বিশালাকার মেঘ হঠাৎ ভেঙে পড়ে এবং এক ঘণ্টার মধ্যে ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হয়, তখন তাকে বলা হয় ক্লাউডবার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি। এই মেঘ প্রায় ১৫ কিমি উচ্চতায় পৌঁছাতে পারে এবং মিনিটের মধ্যেই বিপুল বৃষ্টিপাত ঘটায়। এর ফলে পাহাড়ি নদীতে হঠাৎ জলস্তর বেড়ে হড়পা বান নামে।
কলকাতায় কী ঘটেছে?
কলকাতায় মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হলেও, এক ঘণ্টায় এতটা বৃষ্টিপাত হয়নি। ফলে একে ক্লাউডবার্স্ট বলা যাবে না। তবে, পরিস্থিতি ভয়ঙ্কর। নিম্নচাপের কারণে এমন প্রবল বৃষ্টিপাত আগেও হয়েছে, তবে এবার পুজোর মুখে এমন দুর্যোগে নাগরিক জীবন, যানচলাচল, এবং পুজোর প্রস্তুতিতে মারাত্মক প্রভাব পড়েছে।


