Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (west bengal police) চলাকালীন হঠাৎ করেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল নবান্ন। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১০টি জেলার পুলিশ সুপারের বদলির কথা ঘোষণা করা হয়। এই পরিবর্তনকে ঘিরে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে।

মালদহের এসপি প্রদীপ যাদবের বদলি (West Bengal Police)
মালদহে গত কয়েক মাস ধরে একের পর এক শাসকদলের নেতা–কর্মীর হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল জেলা। তৃণমূল নেতা দুলালচন্দ্র (বাবলা) সরকার থেকে শুরু করে সম্প্রতি ওবায়দুল্লা খানের হত্যার মতো ধারাবাহিক ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। মানিকচকে জনতার বিক্ষোভের সময় পুলিশ গুলি চালিয়েছে এই অভিযোগও কার্যত চাপে ফেলেছিল এসপি প্রদীপ যাদবকে। এই পরিস্থিতিতে তাঁকে বদলি করে উত্তর দিনাজপুর জেলা ট্র্যাফিক পুলিশের সুপার পদে পাঠানো হয়েছে।
মালদহের নতুন এসপি কে ? (West Bengal Police)
মালদহের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অপরাধপ্রবণ জেলায় আইনশৃঙ্খলা স্থিতিশীল করাই হবে তাঁর প্রথম কাজ। প্রশাসনিক মহলে মত, মালদহের মতো স্পর্শকাতর জেলায় অভিজ্ঞ অফিসারকে পাঠিয়ে কঠোর অবস্থানের বার্তা দিল নবান্ন।

বাড়ছে রাজনৈতিক জিজ্ঞাসা (West Bengal Police)
শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে বদলি করে বাঁকুড়ায় পাঠানো হয়েছে। তবে আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত এই জেলার জন্য নতুন কোনও এসপির নাম ঘোষণা করা হয়নি। ফলে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলা আপাতত এসপি–শূন্য হয়ে রয়েছে। একই সঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নিখিল আগরওয়ালকেও বদলি করে বাঁকুড়ায় পাঠানো হয়েছে। ফলে জেলার পুলিশ নেতৃত্বে তৈরি হয়েছে শূন্যতা।
উত্তরবঙ্গ থেকে পশ্চিম মেদিনীপুর পর্যন্ত (West Bengal Police)
রদবদলের তালিকায় স্থান পেয়েছে আরও একাধিক জেলার পুলিশ প্রশাসন।
- অরিজিৎ সিনহা: ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর
- বৈভব তিওয়ারি: বাঁকুড়া থেকে পুরুলিয়া
- অভিজিৎ ব্যানার্জি: পুরুলিয়া থেকে মালদা
- প্রদীপ কুমার যাদব: মালদা থেকে উত্তর দিনাজপুর
- ওয়াই রঘুবংশী: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি
- শচীন: এস এস আইবি থেকে ডিসি নিউটাউন
- ধৃতিমান সরকার: পশ্চিম মেদিনীপুর থেকে এস এস আইবি
- খান্ডবাহালে উমেশ গণপত: জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার
- মহম্মদ সানা আখতার: রায়গঞ্জ পুলিশ জেলা থেকে আসানসোল- দুর্গাপুর পিসি
- সোনাওয়ানে কুলদীপ সুরেশ: আসানসোল- দুর্গাপুর পিসি থেকে রায়গঞ্জ পুলিশ জেলা
- সৌম্যদীপ ভট্টাচার্য: পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া
- মানব সিংলা: নিউটাউন থেকে ঝাড়গ্রাম
- পলাশ চন্দ্র ঢালি: বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুর
- শুভেন্দ্র কুমার: পূর্ব মেদিনীপুর থেকে বারুইপুর পুলিশ জেলা
তবে পূর্ব মেদিনীপুরের এসপি পদে এখনই কাউকে নিয়োগ করা হয়নি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদেও বিস্তর রদবদল করা হয়েছে।
বড়সড় প্রশাসনিক পরিবর্তন (West Bengal Police)
কয়েক দিন আগেই রাজ্যজুড়ে ১৭৫ জন পুলিশ ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি হয়েছিল। তার পর এত দ্রুত জেলাশাসন পর্যায়ে নতুন করে রদবদলের সিদ্ধান্তে স্পষ্ট রাজ্যজুড়ে পুলিশ প্রশাসনকে সক্রিয় ও নিয়ন্ত্রণে রাখতে চাইছে সরকার।
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?
নজর এখন প্রশিক্ষণ ও আইনশৃঙ্খলায়
এসআইআর–এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্যেই এই রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপরাধ নিয়ন্ত্রণ, রাজনৈতিক অস্থিরতা সামলানো এবং ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা। রাজ্যের রাজনৈতিক পরিবেশ অস্থির থাকায় বদলির প্রভাব নিয়ে আলোচনা আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।



