Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেন যুবরাজ (Yuvraj Singh)।
অবসর প্রসঙ্গে মুখ খুললেন যুবরাজ (Yuvraj Singh)
২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের অন্যতম প্রাক্তন এই ম্যাচ উইনার। কথিত আছে যে বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ার পরেই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেন ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। অবসর নেওয়ার সাত বছর পর অবসর প্রসঙ্গে মুখ খুললেন যুবরাজ। জানালেন ক্রিকেট ছাড়ার আসল কারণ। তিনি জানান সম্মান এবং সমর্থন হারাচ্ছিলেন আর সেই কারণেই সরে গিয়েছেন তিনি। তবে কারোর নাম উল্ল্যেখ করেননি যুবি (Yuvraj Singh)।
যুবরাজ জানান তিনি আর ক্রিকেট উপভোগ করছিলেন না। তাছাড়া আগের মতো তাঁকে শ্রদ্ধা করা হত না। সমর্থনও হারাচ্ছিলেন। সব মিলিয়ে ভারতের অন্যতম ম্যাচ ক্রিকেটার সরে যাওয়াই ঠিক বলে মনে করেন।
প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পডকাস্টে যুবরাজ বলেন, ‘আমি আর ক্রিকেট উপভোগ করছিলাম না। আমার মনে হয়েছিল, উপভোগই যখন করছি না, তখন আর খেলা চালিয়ে গিয়ে কী হবে? সমর্থনও হারাচ্ছিলাম। আমাকে আগের মতো শ্রদ্ধাও আর করা হচ্ছিল না। আমার মনে হয়েছিল, যখন শ্রদ্ধা-ভালবাসা হারাচ্ছি, তখন খেলা চালিয়ে যাওয়ার আর কী দরকার? আমার আর নিজেকে প্রমাণ করার কী বাকি আছে? মানসিক ও শারীরিক দিক থেকে আমি আর এঁটে উঠতে পারছিলাম না। এটাই আমার কাছে যন্ত্রণার হয়ে দাঁড়াচ্ছিল। যেদিন আমি থেমে গেলাম, সেদিন আবার নিজেকে খুঁজে পেলাম (Yuvraj Singh)।’

২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রডকে মারা ৬টা চয়ের ছবি এখনও গেঁথে আছে ক্রিকেটপ্রেমীদের মনে। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নেপথ্যে যে যুবরাজের ভূমিকা সর্বোচ্চ, সেটা বললেও বাড়িয়ে বলা হবে না। দলের প্রয়োজনে সবসময় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। ভারতের জার্সিতে অসংখ্য দুর্দান্ত পারফরম্যান্স তিনি উপহার দিয়েছেন। সেই যুবরাজই কিনা শেষের দিকে দলে নিয়মিত ডাক পেতেন না। জায়গা হারিয়ে ফেলছিলেন ক্রমাগত আর তাই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

যুবরাজের এই বক্তব্যের পর নতুনভাবে বিতর্কের সূত্রপাত হয়েছে। অনেকে এর সাথে বিরাট-রোহিতের দুই ফরম্যাট থেকে সরে আসার প্রসঙ্গও টেনে আনেন। নেটিজেনদের মতে তাঁরাও নিজেদের সবটা উজাড় করে দিয়েছিলেন কিন্তু তাঁদেরও কোথাও একটা অসম্মান করা হচ্ছিল আর সেই কারণেই সরে দাঁড়ায় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য দুই তারকা। আজও যাঁরা ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রধান দুই স্তম্ভ (Yuvraj Singh)।


