Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কিছু ঘটনা কোনোদিন ভোলার না, তার রেশ থেকেই যায় বছরের পর বছর, আদেও কি চির সত্যের সন্ধান করা সম্ভব হয় (Ajeya)? এই নিয়ে হাজার প্রশ্ন হাজার বিতর্ক কিন্তু সত্যিটা কেবল অধরা থাকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল সোহিনী সরকারের নতুন সিরিজ ‘অজেয়া’-র প্রথম পোস্টার। পোস্টারটি সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। সোহিনী ছাড়াও এই সিরিজে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, ইন্দ্রশীষ এবং সাগ্নিক। পোস্টার থেকেই ইঙ্গিত মিলেছিল, সাম্প্রতিক সময়ের বহুচর্চিত একটি নির্মম ঘটনার ছায়া থাকছে গল্পে।

ট্রেলারেই স্পষ্ট হল আর জি করের ছায়া (Ajeya)
অবশেষে প্রকাশ্যে এসেছে ‘অজেয়া’-র অফিসিয়াল ট্রেলার। ট্রেলার সামনে আসতেই আরও স্পষ্ট হয়েছে, দুই বছর আগে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার আবহ থেকেই সিরিজের গল্পের ভিত তৈরি হয়েছে। তবে নির্মাতারা এটিকে সরাসরি সেই ঘটনার পুনর্নির্মাণ হিসেবে না দেখিয়ে, বাস্তব ঘটনার আবহে একটি কাল্পনিক গল্প হিসেবে তুলে ধরেছেন।
প্রতিবাদ করতে গিয়েই নির্মম পরিণতি (Ajeya)
সিরিজের কেন্দ্রে রয়েছে এক তরুণী, যে মেডিকেল কলেজের অভ্যন্তরে চলতে থাকা নানা অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল। কিন্তু সেই প্রতিবাদের মূল্য দিতে হয় তাকে। অকথ্য নির্যাতনের পর তার মৃত্যু ঘিরে শুরু হয় রহস্যের জট। কে বা কারা এই ঘটনার নেপথ্যে? কেনই বা গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে ক্ষমতার প্রভাব—সেই প্রশ্নের উত্তর খুঁজবে ‘অজেয়া’।

বিচার কি সত্যিই পৌঁছবে নির্যাতিতার কাছে? (Ajeya)
ট্রেলারের অন্যতম আকর্ষণীয় চরিত্র এসিপি দামিনি সেন। নির্যাতিতার মৃত্যুর তদন্তে নেমে তিনি কি সত্যের কাছে পৌঁছতে পারবেন? নাকি ক্ষমতার অদৃশ্য প্রভাব তদন্তের পথ বারবার আটকে দেবে? বাস্তব ঘটনার সঙ্গে মিল থাকা এই প্রশ্নগুলিই সিরিজটির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
শুধু অপরাধ নয়, অজেয়ার ব্যক্তিগত জীবনও (Ajeya)
‘অজেয়া’-কে শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের তদন্তের গল্প হিসেবে দেখছেন না নির্মাতারা। ট্রেলার থেকে বোঝা যায়, নির্যাতিতার ব্যক্তিগত জীবন, তাঁর সম্পর্ক, স্বপ্ন, সংগ্রাম এবং মানসিক জগতের বিভিন্ন দিকও গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে দর্শক শুধু একটি অপরাধের তদন্ত নয়, একজন মানুষের জীবনের করুণ পরিণতির সঙ্গেও পরিচিত হবেন।
আরও পড়ুন: Howrah: স্বাধীনতা দিবসের আগে আঁটোসাঁটো হাওড়া
২১ অগস্ট থেকে হইচই-তে ‘অজেয়া’
গত ৯ অগস্ট অভয়ার মৃত্যুর দুই বছর পূর্ণ হয়েছে। আর সেই আবহেই আগামী ২১ অগস্ট হইচই-তে মুক্তি পেতে চলেছে ‘অজেয়া’। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে শিরিন পালকে দেখা যাবে নির্যাতিতার চরিত্রে। বাস্তব ঘটনার ছায়া, ক্ষমতার প্রভাব, তদন্ত এবং বিচার পাওয়ার আকাঙ্ক্ষা সব মিলিয়ে ‘অজেয়া’ দর্শকদের মনে নতুন করে সেই পুরনো প্রশ্নই তুলতে চলেছে—এত কিছুর পর সত্যিই কি বিচার পাওয়া সম্ভব?



