Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কেটিভি বাংলা ডিজিটাল: বৃষ্টি মুখর যুবভারতী। তবে এ বৃষ্টিতে আনন্দ মেখে ছিল না। জামশেদপুরের (Jamshedpur FC) শেষ ম্যাচের আর্তনাদ যেন মিশে ছিল যুবভারতীর ঠান্ড বাতাসে। মোহনবাগান সমর্থকদের সঙ্গে জামশেদপুর এফসির ফ্যানসদের তিক্ত সম্পর্কের কথা সকলেরই জানা। তবে এদিন সেই তিক্ততা ভুলে করতালি দিয়ে জামশেদপুর এফসিকে সম্মান জানাল সবুজ মেরুন সমর্থকরা। সত্যি ফুটবল তুমি কত সুন্দর!
৯ বছরেই শেষ (Jamshedpur FC)
সাঙ্গ ৯ বছরের পথ চলা। ২০১৭ তে আইএসএলে যাত্রা শুরু করেছিল জামশেদপুর এফসি। ২০২১-২২ মরসুমে আইএসএলে লিগ শিল্ড জয়। মাত্র পাঁচ বছরের মধ্যে ভারতীয় ফুটবল মানচিত্র থেকে হারিয়ে গেল জামশেদপুর এফসি। সোমবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের কাছে সাডেন ডেথে হার। আর শেষ হয়ে গেল এই ক্লাবের পথচলা। সাদা জার্সিতে মাঠের লড়াইয়ে প্রণয় হালদাররা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও পরিণতি বদলাতে পারেনি।
সেয়ানে সেয়ানে লড়াই (Jamshedpur FC)
সোমবার যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল আবদুল সামাদ। তবে ভুল শুধরে দ্রুত সমতা ফেরায় জামশেদপুর। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। প্রথম আটটি শটে দুই দলই সমানভাবে লড়ে। শেষ পর্যন্ত সাডেন ডেথে হার মানতে হয় বিদেশিহীন জামশেদপুরকে। তা সত্ত্বেও তাদের এই লড়াকু মানসিকতা ফুটবলপ্রেমী মহলের বিপুল প্রশংসা কুড়িয়েছে।
মোহনবাগান সমর্থকদের করতালিতে বিদায় (Jamshedpur FC)
ম্যাচ শেষে জামশেদপুর অধিনায়ক প্রণয় হালদার আবেগপ্রবণ হয়ে পড়েন। সবুজ মেরুন জার্সির সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক। সমর্থকদের জন্য এখনও তিনি তাঁদের প্রিয় ‘প্রণয় দা’। জামশেদপুর এফসির অধিনায়ক হয়ে তাঁর প্রিয় যুবভারতীতে। ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে তিনি জানান, দীর্ঘ চার-পাঁচ বছর এই ক্লাবে কাটিয়ে তাঁর সময় দারুণ কেটেছে। বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে সামনে এগোনোর কথা বলেন তিনি। পাশাপাশি চার্চিলে যাওয়ার বিষয়ে কথা বলতে যাবেন জামশেদপুরে। যুবভারতী ছাড়ার সময় উপস্থিত মোহনবাগান ভক্তদের ভিড় দেখে নিজের কিট থেকে জার্সি বের করে তাঁদের মধ্যে বিলিয়ে দেন প্রণয়। একই কাজ করেন আরেক বঙ্গ সন্তান সার্থক গোলুইও।
আরও পড়ুন: Mohun Bagan Durand: মোহনবাগানের প্রতিপক্ষ কে? ক্ষুব্ধ সবুজ মেরুন কোচ
চার্চিল ব্রাদার্স হাতে লাইসেন্স
জামশেদপুর এফসি (Jamshedpur FC) সরাসরি না থাকলেও তাদের লাইসেন্স নিয়ে আসন্ন আইএসএল টুর্নামেন্টে অংশ নেবে চার্চিল ব্রাদার্স। মাত্র ১০০ টাকার টোকেনের বিনিময়ে এই হস্তান্তর হয়েছে বলে খবর। এর ফলে কোচিং স্টাফের চুক্তি এবং ১২ জন ফুটবলার নতুন মালিকানার অধীনে চলে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বর থেকেই তাঁরা চার্চিল ব্রাদার্সের সঙ্গে যুক্ত হবেন, যার ফলে খেলোয়াড় ও কোচদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ কেটে গিয়েছে।



