Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ছয় দিনে তিনটি কঠিন ম্যাচ। সঙ্গে এক শহর থেকে আরেক শহরে যাতায়াতের ধকল। সব মিলিয়ে চরম ক্লান্তিতে ধুঁকছে মোহনবাগান সুপারজায়ান্টের ফুটবলাররা (Mohun Bagan Durand)। দলের এই ক্লান্তিকর পরিস্থিতি ও ঠাসা ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। ক্লান্তিকে সঙ্গী করেই ২৪ ঘণ্টা পরে ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। পাশাপাশি চরম ক্ষুব্ধ রেফারিং নিয়ে।
ডার্বি দিয়ে শুরু, ডার্বি দিয়েই ইতি (Mohun Bagan Durand)
ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের সূচনা হয়েছিল ডার্বি ম্যাচ দিয়েই, আর টুর্নামেন্টের অন্তিম পর্যায়ে এসেও সেই মহিষমর্দিনী লড়াইয়েই মুখোমুখি দুই প্রবাদপ্রতিম ক্লাব। মাঝের এই সময়টায় দুই দলই নিজেদের গুছিয়ে নিয়েছে এবং তাদের পারফরম্যান্সের গ্রাফ সমর্থকদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। শনিবার ক্লাবের মাঠে বন্ধ দরজার আড়ালে ট্যাকটিক্যাল অনুশীলন ও হালকা ঝালিয়ে নেওয়ার কাজ সেরে নিয়েছে দল।
গোল নষ্টের সমস্যা নিয়ে কোচের ভাবনা (Mohun Bagan Durand)
ফাইনালের মতো মেগা ম্যাচে ট্যাকটিক্যাল লড়াইয়ের পাশাপাশি মানসিক প্রস্তুতিই সবচেয়ে বড় ভূমিকা নেয় বলে বিশ্বাস মোহনবাগান কোচের। ডার্বি জয় দিয়ে অভিযান শুরু করলেও নকআউটের শেষ দুই ম্যাচে দলের গোল নষ্টের প্রবণতা কিছুটা হলেও কোচকে ভাবাচ্ছে। গোলরক্ষক বিশাল কাইথের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ফাইনালের মহারণে ফরোয়ার্ডদের নিখুঁত থাকার তাগিদ দিয়েছেন তিনি। কোচ প্যানোস জানান, “আগামীকালও আমরা অভিজ্ঞতার মুখোমুখি হব। তবে আমি মনে করি এই ম্যাচটি নিয়মিত সময়ের মধ্যেই শেষ করতে পারলে সেটাই সবচেয়ে ভালো হবে।”
স্বচ্ছ রেফারিংয়ের দাবী (Mohun Bagan Durand)
ডুরান্ড কাপে রেফারিং নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট। ফাইনালে রেফারির ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার দাবী রাখলেন প্যানোস। মোহনবাগান কোচ জানান, “আগামীকাল আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্রথমত সমর্থকদের, দ্বিতীয়ত কর্মকর্তাদের, কোচদের এবং খেলোয়াড়দের। যাদের নিজেদের সেরাটা দিতে হবে। একই সঙ্গে রেফারিদেরও দায়িত্ব রয়েছে। রেফারিদের নিরপেক্ষ থাকতে হবে এবং ৫০-৫০ সিদ্ধান্তগুলো ন্যায্যভাবে দিতে হবে।”
আরও পড়ুন: Kolkata Derby: ডুরান্ড ফাইনালের আগে পিছিয়ে গেল কলকাতা লিগের ডার্বি, কারণ কী?
ইস্টবেঙ্গল বধের নীল নকশা (Mohun Bagan Durand)
প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের শক্তি ও দুর্বলতা নিয়ে সমস্ত হোমওয়ার্ক সেরে ফেলেছেন সবুজ-মেরুন (Mohun Bagan Durand) হেডস্যার। তবে ম্যাচের আগে দলের ফুটবলারদের শারীরিক পরিস্থিতি ডেজান দ্রাজিচের চোটের আপডেট খতিয়ে দেখেই চূড়ান্ত একাদশ ও কৌশল সাজাতে চান তিনি। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত ট্রফি জয়কেই পাখির চোখ করছে কলকাতা জায়ান্টরা।



