Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হতাশার এক রাত দেখল ভারতীয় হকি দল (Hockey World Cup)। অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু থেকে দুর্দান্ত লড়েও শেষ রক্ষা হল না। হরমনপ্রীত সিংয়ের দল ১-৩ গোলে পরাজিত হয়ে কঠিন পরিস্থিতির মুখে এসে দাঁড়াল। এখন ভারতের সেমিফাইনালের ভাগ্য পুরোপুরি ঝুলে রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে ইংল্যান্ড জয়ী হলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ভারতকে।
প্রথমার্ধের লড়াই (Hockey World Cup)
এদিন ম্যাচের শুরুটা একেবারেই খারাপ করেনি ভারতীয় দল। বল নিজেদের দখলে রেখে দুই উইং ব্যবহার করে বারবার ডাচ ডি-বক্সে হানা দিতে দেখা যায় হরমনপ্রীতদের। ম্যাচের ১১ মিনিটে প্রথম বড় সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। মিডেনডর্পের রিভার্স হিট থেকে তৈরি হওয়া বিপজ্জনক আক্রমণ এবং পরবর্তী সময়ে নেদারল্যান্ডসের পাওয়া পরপর তিনটি পেনাল্টি কর্নার দারুণ দক্ষতায় রুখে দেন অভিজ্ঞ মনপ্রীত সিং। ভারতের রক্ষণভাগ প্রথমার্ধে অত্যন্ত আঁটসাঁট ছিল।
২০ মিনিটে বিবেক সাগর প্রসাদের চমৎকার স্কিলে সুযোগ তৈরি হলেও বক্সে কেউ উপস্থিত ছিলেন না। ঠিক তার চার মিনিট পর ফের গোলের সুযোগ চলে আসে ভারতের সামনে। মনপ্রীতের নিখুঁত পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের সামনে পৌঁছে যান দিলপ্রীত সিং, কিন্তু তাঁর শট প্রতিহত করেন ডাচ গোলরক্ষক। প্রথম কোয়ার্টারে ৬২.৮ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেই মাঠ ছাড়ে ভারত, যদিও একাধিক সুযোগ তৈরি করেও গোলমুখ খোলা সম্ভব হয়নি।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ডাচদের ধাক্কা (Hockey World Cup)
দ্বিতীয় কোয়ার্টারেও তীব্র চাপ সামলে ডাচদের আক্রমণ প্রতিহত করে ভারত। কিন্তু খেলার মোড় ঘুরে যায় তৃতীয় কোয়ার্টারের শেষভাগে। ৪১ মিনিটে ডান দিক থেকে এক দুর্দান্ত আক্রমণ শানায় নেদারল্যান্ডস। কারকেরার শটে স্টিক ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন টেলগেনক্যাম্প (০-১)। সমতা ফেরাতে মরিয়া হয়ে পরের মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নিলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয় ভারত।
চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ডান দিক দিয়ে ঝোড়ো গতিতে আক্রমণ শানিয়ে ভারতের রক্ষণকে ভেঙে ফেলেন ডাচ ফরোয়ার্ডরা। হোডেমেকার্সের নিখুঁত টাচে স্কোরলাইন দ্বিগুণ হয় (০-২)।
হরমনপ্রীতের গোল (Hockey World Cup)
হাল ছাড়েনি ভারত (Hockey World Cup)। ৫২ মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় তারা। হরমনপ্রীত সিংয়ের প্রথম শট ডাচ ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হলেও, দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ভারতীয় অধিনায়ক। গোলরক্ষকের ডান দিক দিয়ে জোরালো ও নিচু শটে বল জালে জড়িয়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি (১-২)।
আরও পড়ুন: India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টে বড় পরিবর্তন ভারতের, ৩৩ বছরে জাতীয় দলে অভিষেক
শেষ মুহূর্তের বিপর্যয় (Hockey World Cup)
তবে গোলের রেশ কাটতে না কাটতেই মাঝমাঠে ভারতীয় মিডফিল্ডের বড় ভুল সুযোগ করে দেয় ডাচদের। দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে এসে থাইস ভান ডাম গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হার মেনে মাঠ ছাড়তে হয় ভারতকে। এখন শনিবার ভারতীয় সময় রাত ১০টায় অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে পুরো দল।



