Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় আছে, চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই—এই প্রবাদটি যেন পুরোপুরি সত্যি প্রমাণিত হলো সারাংশ জৈনের ক্ষেত্রে (India vs Sri Lanka)। আজকের দিনে ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভার ছড়াছড়ি থাকলেও, ৩৩ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে টেস্ট অভিষেক করলেন মধ্যপ্রদেশের এই স্পিন অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। মধ্যপ্রদেশের হয়ে ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮৮টি উইকেটের পাশাপাশি তিনি করেছেন ২২২৩ রান (গড় ৩১.৭৫)। বিশেষ করে, ২০২৫-২৬ রনজি মরশুমে ৭ ম্যাচে ৫১৮ রান এবং সাম্প্রতিক সময়ে ‘ভারত এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছিল।
প্রথম একাদশে পরিবর্তন (India vs Sri Lanka)
শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় আয়োজিত দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে একটিমাত্র পরিবর্তন করা হয়েছে। প্রথম টেস্টে সেভাবে প্রভাব ফেলতে না পারায় এবং একই ধরনের তিন জন স্পিনার একসঙ্গে খেলানোর কৌশলগত সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছন সারাংশ জৈন। তবে ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়া সরফরাজ খান এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা পাননি।
কলম্বোর পিচ ও ভারতের সিদ্ধান্ত (India vs Sri Lanka)
গলের প্রথম টেস্টে স্পিন-সহায়ক পিচ বানিয়েও সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা, বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১৬৫ রানে জিতেছিল ভারত (India vs Sri Lanka)। তাছাড়া চোট ও অন্যান্য কারণে শ্রীলঙ্কা দল এ দিন দীনেশ চান্ডিমল, কুশল মেন্ডিস এবং পাথুম নিশঙ্কার মতো অভিজ্ঞ ব্যাটারদের ছাড়াই মাঠে নেমেছে। এই পরিস্থিতিতে স্বাগতিকরা দ্বিতীয় টেস্টে স্পিনের বদলে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করেছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত অধিনায়ক শুভমান গিল জানান যে, দলের ব্যাটাররা এই উইকেটের পুরো ফায়দা তুলতে প্রস্তুত।
ভারতের প্রথম একাদশ (India vs Sri Lanka)
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ



