Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল (অভ্রদ্বীপ দাস, কলকাতা): কলকাতা শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিট। ফুটপাত ধরে হাঁটলেই নজরে পড়ে প্লাস্টিকের ছাউনি আর আধভাঙা সংসারের কোলাজ। সেখানেই রান্না-খাওয়া। ঝড়-বৃ্ষ্টি মাথায় নিয়ে সেই রাস্তাই মাথা গোঁজার ঠাঁই।
সীতা মল্লিক। মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কাছে ধমক খেয়ে এখন রীতিমত ভাইরাল। নিম্নবিত্ত পরিবারের সন্তান। বিয়ের পর স্বামীর হাত ধরে সূদুর পঞ্জাব থেকে কলকাতায় এসেছিলেন তিনি। জন্ম দিয়েছেন তিন সন্তানের। কিন্তু সেই স্বামী ধরে রাখেনি হাত। ফুটপাতে ফেলে রেখে গিয়েছেন চলে। তারপর থেকেই ফুটপাতেই বাস। দীর্ঘ ৫০ বছর ধরে রয়েছেন পার্কস্ট্রিটের ফুটপাতে। নেই কোনও ত্রিপলের ছাউনি। রাস্তায় শুয়েই কেটেছে একের পর এক রাত। তিনি একাই মানুষ করেছেন সন্তানদের। মন্ত্রীর হুঁশিয়ারির পর এখন দিশেহারা সীতা মল্লিক-সহ তার পরিবারের।
‘সংসার পাতার অধিকার কে দিয়েছে?’ ধমক মন্ত্রীর (Agnimitra Paul)
শহরের সৌন্দর্যায়ন ও ফুটপাত দখলমুক্ত করতে সম্প্রতি সদলবলে অভিযানে বেরিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরিদর্শন চলাকালীনই নজর পড়ে ফুটপাতে জ্বলতে থাকা একটি স্টোভে। স্টোভ জ্বলতে দেখে সেখানে এগিয়ে যান মন্ত্রী। মুখোমুখি হন এক প্রৌঢ়ার। মন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘কী চলছে এখানে?’ প্রৌঢ়া উত্তর দেন, ‘রান্না নয়, বাচ্চার জন্য দুধ গরম করছেন‘। অদূরেই তখন এক শিশু হামাগুড়ি দিচ্ছিল। কিন্তু সেই উত্তরে শান্ত হননি মন্ত্রী। মেজাজ হারিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি।
আরও পড়ুন:Agnimitra Paul: ‘নোটিসের পরও খুললে দুর্ভাগ্য’, হোটেল নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা
মন্ত্রীর এই রূপ দেখে ততক্ষণে হতবাক আশপাশের মানুষ। পার্ক স্ট্রিটের (Park Street) মতো ভিআইপি এলাকায় ফুটপাতে উনুন জ্বালানো নিয়ে ক্ষোভ উগরে দেন মন্ত্রী। প্রৌঢ়ার কিছু জিনিসপত্র সরিয়ে দিতেও দেখা যায় তাঁকে। প্রশ্ন তোলেন, ‘এখানে সংসার পাতার অধিকার কে দিয়েছে?’ মন্ত্রীর বক্তব্য, শহরকে নিরাপদ ও হকারমুক্ত রাখতে কঠোর হতে হবে। তবে এই পুরো ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুরু হয় সমালোচনার তীব্র ঝড়।
কুণালের আশ্বাস (Kunal Ghosh)
ঘটনার পরদিনই রাজনীতির পারদ চড়তে শুরু করে। মানবিকতার খাতিরে ও মন্ত্রীর (Agnimitra Paul) ব্যবহারের প্রতিবাদে ঘটনাস্থলে হাজির হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত ফুটপাতবাসী সীতা মল্লিকের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। তাদের নতুন মাথা গোজার ঠাঁই করে দেওয়ারও আশ্বাস দেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষের আশ্বাসের পর কিছুটা আশার আলো দেখছেন অসহায় পরিবার। দীর্ঘদিন ধরে এই ফুটপাতেই যাঁদের দিন গুজরান, তাঁরা এখন স্থায়ী বাসস্থানের অপেক্ষায়।
আরও পড়ুন:Kolkata Police : লালবাজার নয় ! কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তায় বড় বদল
রাজপথে মন্ত্রীর (Agnimitra Paul) এমন আচরণ নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারী আন্দোলনের নেত্রীরাও। সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসনিক কড়াকড়িকে সমর্থন করলেও, শিশুর দুধ গরম করা নিয়ে মন্ত্রীর এমন রূঢ় আচরণকে অমানবিক বলেই মনে করছেন সিংহভাগ মানুষ। ফুটপাত ফাঁকা করার প্রয়োজনীয়তা রয়েছে, তবে গরিব মানুষের পুনর্বাসন ছাড়া এমন পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত, তা প্রশ্ন তুলেছেন শহরের পথচলতি মানুষ।


