Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: মরণোত্তর দেহদান নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে চিকিৎসা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে (Organ Donation)। সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, গোটা দেহ দান করে বিশেষ লাভ নেই এবং আধুনিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা 3D ইমেজের সাহায্যেই অ্যানাটমি পড়ানো সম্ভব। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নিজের দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন বর্ষীয়ান শিক্ষক-চিকিৎসক ডাঃ শিবশঙ্কর ব্যানার্জী।
৩২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে প্রশ্ন (Organ Donation)
ডাঃ ব্যানার্জী জানিয়েছেন, তিনি গত ৩২ বছর ধরে অ্যানাটমি পড়াচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, অ্যানাটমির শিক্ষা ক্যাডাভার বা দেহ ছাড়া সম্পূর্ণ হতে পারে না। তাঁর মতে, একজন চিকিৎসকের চিকিৎসাবিদ্যার ভিত গড়ে ওঠে মানবদেহের গঠন সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমে।
অর্গান ডোনেশন ও ক্যাডাভার ডোনেশন এক নয়
ডাঃ ব্যানার্জী অঙ্গদান এবং মরণোত্তর দেহদানের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যের কথাও তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রত্যেক মৃতদেহ থেকে অঙ্গ প্রতিস্থাপনের জন্য অঙ্গ সংগ্রহ করা সম্ভব নয়। নির্দিষ্ট পরিস্থিতিতে, বিশেষত ব্রেন ডেথ ঘোষণার পরই অঙ্গদানের সুযোগ তৈরি হয়। কিন্তু ক্যাডাভার দানের ক্ষেত্রে সুযোগ অনেক বিস্তৃত।
মেডিক্যাল শিক্ষায় মৃতদেহের গুরুত্ব (Organ Donation)
মেডিক্যাল পড়ুয়ারা ক্যাডাভারের মাধ্যমে সরাসরি মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের গঠন সম্পর্কে জানতে পারেন। ডিসেকশন বা শব ব্যবচ্ছেদের মাধ্যমে অর্জিত এই বাস্তব অভিজ্ঞতা শুধু স্নাতক পড়ুয়াদের নয়, পোস্ট-গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদেরও কাজে আসে। বিভিন্ন অঙ্গের প্রকৃত অবস্থান, গঠন ও পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু পড়াশোনা নয়, সার্জিক্যাল প্রশিক্ষণেও প্রয়োজন (Organ Donation)
ডাঃ ব্যানার্জী আরও উল্লেখ করেছেন, ক্যাডাভার শুধু অ্যানাটমি বিভাগের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। গাইনি, ENT, অর্থোপেডিক্স, নিউরোসার্জারির মতো বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগেও ক্যাডাভারের মাধ্যমে কর্মশালা ও সার্জিক্যাল স্কিল উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
AI কি ক্যাডাভারের বিকল্প হতে পারে?
কৃত্রিম বুদ্ধিমত্তা ও 3D প্রযুক্তির সম্ভাবনা অস্বীকার না করেও ডাঃ ব্যানার্জীর বক্তব্য, পশ্চিমবঙ্গে এখনও অ্যানাটমি শিক্ষায় ক্যাডাভারের প্রয়োজন রয়েছে। তাঁর মতে, প্রযুক্তি শিক্ষাকে সহায়তা করতে পারে, কিন্তু বাস্তব মানবদেহের বিকল্প হিসেবে তাকে দেখা ঠিক হবে না।



