Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের কর্মী ছাঁটাইয়ের পথে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। হায়দ্রাবাদে সংস্থার গ্রাহক সহায়তা বিভাগে কর্মরত প্রায় ২৪০ জনকে চলতি মাস থেকেই কাজ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই কাজের বড় অংশই এবার বাইরে থেকে করানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্তের প্রভাব কি গ্রাহক পরিষেবাতেও পড়বে?
ক্ষতিপূরণের ভাবনা! (Zomato)
সূত্রের খবর, ভবিষ্যতে জোম্যাটোর (Zomato) মূল সংস্থা ‘ইটারনাল’-এর গুরুগ্রামের কার্যালয় থেকে একটি সমন্বিত দল হিসেবেই গ্রাহক সহায়তা পরিষেবা পরিচালিত হবে। সেই পুনর্গঠন প্রক্রিয়ার ফলেই হায়দ্রাবাদের কর্মীদের চাকরি হারাতে হচ্ছে। তবে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে। আগস্টের বেতনের পাশাপাশি প্রায় চার মাসের অতিরিক্ত বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে নিয়ম অনুযায়ী নোটিস পিরিয়ডের অর্থ এবং এককালীন বিশেষ আর্থিক সহায়তাও রয়েছে। শুধু তাই নয়, ২০২৭ সালের মার্চ পর্যন্ত চিকিৎসা বিমা এবং প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং বা মানসিক সহায়তার সুবিধাও মিলবে।
এটাই প্রথম নয়
তবে জোম্যাটোয় ছাঁটাইয়ের ঘটনা এই প্রথম নয়। গত বছরও সংস্থার জুনিয়র স্তরে কর্মরত প্রায় ৫০০ জনকে চাকরি থেকে সরানো হয়েছিল। এক বছরের ব্যবধানে ফের একই ধরনের সিদ্ধান্ত সামনে আসায় কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: Jadavpur Incident: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষককে হেনস্তার অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় SC কমিশনের
শুধু জোম্যাটো নয়, চলতি বছরে একাধিক বড় প্রযুক্তি সংস্থাতেও ব্যাপক ছাঁটাই হয়েছে। মাইক্রোসফট, আমাজন ও মেটার মতো সংস্থাগুলির ক্ষেত্রেও কর্মী কমানোর খবর সামনে এসেছে। প্রযুক্তি খাতে এআইয়ের দ্রুত প্রসার, স্বয়ংক্রিয়করণ এবং ব্যবসায়িক খরচ কমানোর প্রবণতা চাকরির বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। সেই আবহেই জোম্যাটোর সাম্প্রতিক সিদ্ধান্ত ফের উসকে দিল কর্মসংস্থান নিয়ে উদ্বেগ।


