Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জয়ের ধারা বজায় রাখতে মুখিয়ে আছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan-United SC)। সোমবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল নিয়ে কিছুটা সাবধানী অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় তারকা উইঙ্গার লিস্টন কোলাসোকে ছাড়াই একাদশ সাজানোর পরিকল্পনা করছেন কোচ বাস্তব রায়।
একাদশে জোড়া বদল (Mohun Bagan-United SC)
প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারানোর পর ইউনাইটেড ম্যাচে প্রথম একাদশে দু’টি রদবদল দেখতে পাওয়া যেতে পারে। গত ম্যাচে খেলায় হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল লিস্টনের। অনুশীলনে নামলেও মরশুমের শুরুতেই তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ম্যানেজমেন্ট। ফলে লেফট উইংয়ে গত ম্যাচে লিস্টনের বদলি হিসেবে নামা অভিষেক সিংকে শুরু থেকেই খেলাতে পারেন কোচ।
আরও পড়ুন: AIFF SGM: ভারত-ব্রাজিল ম্যাচের পরদিনই কলকাতায় এআইএফএফ-এর বিশেষ সভা
অন্যদিকে, মাঝমাঠে দীপক টাংরির পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নয় থিঙ্কট্যাঙ্ক। কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ফাউল করে হলুদ কার্ড দেখা ছাড়া বিশেষ কিছু করতে পারেননি তিনি। ফলে সন্দীপ মালিকের পাশে দীপকের জায়গায় একাদশে প্রত্যাবর্তন ঘটতে পারে আপুইয়ার।
এগিয়ে সবুজ-মেরুন (Mohun Bagan-United SC)
লিগের শেষ পর্বে আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহনবাগান। যেখানে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং মহামেডান স্পোর্টিং ২-০ গোলে ভবানীপুরকে হারিয়েছে, সেখানে সবুজ-মেরুন জয় এসেছে বড় ব্যবধানে। ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বাস্তব রায়ের দলই এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে। সোমবার ঘরের মাঠে ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের সেই শীর্ষস্থান ও বাড়তি সুবিধাকে আরও মজবুত করতে মরিয়া পুরো দল। আর সে কারণেই একাদশে অভিজ্ঞ ও সিনিয়র ফুটবলারদের ওপরই ভরসা রাখছেন কোচ।
ইউনাইটেডের মূল শক্তি শ্রীনাথ (Mohun Bagan-United SC)
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট কেড়ে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ অলরেডি দিয়েছে ইউনাইটেড স্পোর্টস (Mohun Bagan-United SC)। তবে ড্র করার ফলে চ্যাম্পিয়নশিপের রেসে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। ফলে মোহনবাগানকে হারিয়ে লিগ টেবিলের অঙ্ক সম্পূর্ণ বদলে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। এবারের কলকাতা লিগে ১০টি গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইউনাইটেডের স্ট্রাইকার শ্রীনাথ এম। সোমবারের ম্যাচে মোহনবাগান রক্ষণকে স্বস্তিতে না রাখার পেছনে ইউনাইটেডের মূল ভরসা হতে চলেছেন এই টপ স্কোরারই।



