Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাঁওতালি মাধ্যমের পৃথক শিক্ষা বোর্ড গঠন, কুড়মিদের আদিবাসী তকমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা, বন্ধ হয়ে যাওয়া স্কুলের হোস্টেল পুনরায় চালু করা-সহ মোট ১৯ দফা দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পরগণা মহল। সংগঠনের ডাকে বাঁকুড়া শহরে মিছিলের পর জেলা শাসকের দফতরের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা (Bankura)।

ব্যারিকেড ঘিরে উত্তেজনা (Bankura)
বিক্ষোভকারীদের মিছিল জেলা শাসকের দফতরের দিকে এগোলে ডিআইজি মোড়ের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করে। সেই ব্যারিকেড ভেঙে দফতর চত্বরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাঁওতালি মাধ্যমে পৃথক শিক্ষা বোর্ডের দাবি (Bankura)
সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি সাঁওতালি মাধ্যমের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠন। তাদের বক্তব্য, সাঁওতালি মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনার সুযোগ তৈরি হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পেশাগত পাঠক্রমে এখনও সেই সুযোগ পর্যাপ্ত নয়। বিশেষ করে বিএড, বিএলএড এবং এমএড-এর মতো কোর্সে সাঁওতালি মাধ্যমে শিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

বন্ধ হোস্টেল নিয়ে ক্ষোভ (Bankura)
বিক্ষোভকারীদের অভিযোগ, গত এক দশকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলায় একাধিক স্কুলের হোস্টেল বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার বহু আদিবাসী পড়ুয়ার পড়াশোনা ব্যাহত হচ্ছে। দূরবর্তী এলাকা থেকে স্কুলে আসা ছাত্রছাত্রীদের জন্য আবাসিক পরিকাঠামো ফের চালুর দাবি তুলেছে সংগঠনটি।
ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়েও প্রতিবাদ (Bankura)
ভুয়ো এসটি শংসাপত্রের অভিযোগ নিয়েও সরব হয়েছে ভারত জাকাত মাঝি পরগণা মহল। সংগঠনের দাবি, ভুয়ো শংসাপত্রের কারণে প্রকৃত আদিবাসীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই ধরনের শংসাপত্রের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
জেলা শাসকের দফতরে স্মারকলিপি (Bankura)
বিক্ষোভের পর সংগঠনের নেতৃত্বের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। নিজেদের ১৯ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরে দ্রুত সমাধানের আবেদন জানানো হয়। অন্যদিকে, বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনে বসেও কিছুক্ষণ নিজেদের দাবির সমর্থনে প্রতিবাদ জানান।

আরও পড়ুন: Sukanta Majumder: দেবের বাড়িতে মন্ত্রী সুকান্ত মজুমদার
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
আদিবাসী সংগঠনের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন চালানো হলেও এখনও একাধিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত তাঁদের দাবিগুলি নিয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে ১৯ দফা দাবিকে কেন্দ্র করে বাঁকুড়ায় আদিবাসী সংগঠনের আন্দোলন আগামী দিনে কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।



