Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মামলায় কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি নির্যাতিতার মায়ের (RG Kar Case)। ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেছে পুলিশ। অভয়ার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারে চাপও দেওয়া হয়েছে বলে আদালতে দাবি করলেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
বন্দুক দেখিয়ে চাপ দেওয়ার অভিযোগ (RG Kar Case)
বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ এজলাসে আরজি কর মামলায় আরও একটি তদন্ত রিপোর্ট আদালতে জমা দিল তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে নির্যাতিতার মা বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘ঘটনার দিন দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আমরা প্রায় দু’ঘণ্টা টালা থানায় বসেছিলাম। সেই সময় কাউকে কিছু না জানিয়ে গ্রিন করিডোর করে আমার মেয়ের দেহ নিয়ে গিয়ে আমার বাড়ির সামনে বিওয়ারিশ লাশের মতো ফেলে রাখা হয়েছিল।
‘বাড়ির সামনে দেহ রেখে যাওয়া হয়েছিল’ (RG Kar Case)
আমাদের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসেছিল। ওরা ডিসি নর্থকে ডেকে এনেছিল। অভিযোগ প্রত্যাহার করার জন্য আমার স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার নেওয়ার জন্য জোর করা হয়েছিল। আমার স্বামী টাকা নিতে অস্বীকার করেন। ডিসি নর্থ চলে যাওয়ার পর আত্মীয়দের সামনেই ওরা তিনজনে টাকা নেওয়ার জন্য চাপ দেয়। তারপর একটি ঘরে নিয়ে গিয়ে আমার স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় এই খবর যেন বাইরে না যায়। আমরা খড়দহ থানায় সমস্ত অভিযোগ করেছি। কিন্তু সিবিআই প্রথমে তা শুনতেই চায়নি।’
১ অক্টোবর হাজিরার নির্দেশ
বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি জানতে চান নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্যের ভিডিওগ্রাফি করা হয়েছিল কিনা। তা এখনও হয়নি বলে আদালতকে জানায় তদন্তকারী সংস্থা। আগামী ২০ নভেম্বর আবারও এই মামলার শুনানি। তার আগে আগামী ১ অক্টোবর খরদহ থানার আইসি ও আইও-কে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।



