Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিল ম্যাচের হার ভুলে এবার উরুগুয়ে বধের ব্লু প্রিন্ট সাজাচ্ছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল (Indial vs Uruguay)। ব্রাজিল ম্যাচে ০-৪ গোলে হারলেও ব্লু টাইগার্সদের লড়াইকে সাধুবাদ জানিয়েছেন সকলেই—এমনকি বিপক্ষ কোচ কার্লো আন্সেলোত্তিও। তবে সে সব অতীত। হাতে প্রস্তুতির সময় কার্যত নেই বললেই চলে, তবুও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া ভারতীয় দল। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে খালিদ জামিল সাফ জানিয়ে দিলেন, এখন সম্পূর্ণ নজর মঙ্গলবার রাতের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে।
মনোযোগ শুধু উরুগুয়েতে (Indial vs Uruguay)
ব্রাজিল ম্যাচের হতাশা কাটিয়ে দলের মানসিক অবস্থা এখন সম্পূর্ণ ইতিবাচক। খালিদ জামিলের বক্তব্য, “আমরা শেষ ম্যাচের ফল নিয়ে বসে থাকতে পারি না। সামনে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে এবং মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।”
প্রথম মিনিট থেকে মনোসংযোগ প্রয়োজন (Indial vs Uruguay)
ব্রাজিলের বিরুদ্ধে হারের প্রধান কারণ হিসেবে মনঃসংযোগের অভাবকে চিহ্নিত করেছেন কোচ। উরুগুয়ের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে সেই ভুল পুনরাবৃত্তি করতে নারাজ তিনি। খালিদের কথায়, “শেষ ম্যাচে আমাদের মনঃসংযোগের অভাব ছিল। এই ম্যাচে প্রথম মিনিট থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ভালো ফল করার বিশ্বাসটাও দলের মধ্যে থাকা জরুরি।”
মাত্র ৩ দিনের ব্যবধান (Indial vs Uruguay)
পরপর দুই ম্যাচের মাঝে সময় খুব কম থাকলেও তা নিয়ে অজুহাত দিতে চান না ব্লু টাইগার্স কোচ। তিনি জানান, আধুনিক ফুটবলে খেলোয়াড়েরা নিজেদের ফিটনেস ও রিকভারি নিয়ে অনেক বেশি সচেতন। “দু’দিনের ব্যবধানে খেলতে আমাদের সমস্যা নেই। এখনকার ফুটবলাররা অনেক বেশি পরিণত ও অভিজ্ঞ, তারা জানে কীভাবে দ্রুত রিকভারি করতে হয়।”
সতর্ক ভারতীয় শিবির (Indial vs Uruguay)
উরুগুয়ে দলে রয়েছে একঝাঁক বিশ্বমানের ফুটবলার, যাদের আক্রমণ ও রক্ষণ উভয় বিভাগই অত্যন্ত শক্তিশালী। সেই সঙ্গে প্রতিপক্ষের ডাগআউটে রয়েছেন কিংবদন্তি কোচ দিয়েগো ফোরলান। প্রতিপক্ষ নিয়ে সতর্ক খালিদ জামিল বলেন, “ওরা যথেষ্ট মানসম্পন্ন দল এবং ওদের কোচও বিশ্বের অন্যতম সেরা। সামান্য ভুলেও বড় মাশুল গুনতে হতে পারে। তাই আমাদের শুরুতেই গোল খাওয়া আটকানো এবং সাবধানে খেলা অত্যন্ত জরুরি।”
আরও পড়ুন: Bengal Bowlers: ইরানি কাপে আগুনে ফর্মে থাকা বাংলার দুই পেসারকে ডাক পেতে পারেন জাতীয় দলে
দল নির্বাচন (Indial vs Uruguay)
ভারতীয় শিবিরে চোট-আঘাত নিয়ে স্বস্তির খবর দিয়েছেন কোচ। দলের সব ফুটবলারই খেলার জন্য সম্পূর্ণ তৈরি। তবে বিপক্ষ উরুগুয়ের বেশ কিছু ফুটবলার চোটের কারণে বাদ পড়লেও সেটাকে বাড়তি সুযোগ হিসেবে দেখতে চান না খালিদ। প্রথম একাদশ নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, আজকের অনুশীলনে যাদের সবচেয়ে ধারালো এবং সতেজ দেখাবে, তাদের নিয়েই প্রথম একাদশ গড়া হবে।
ভবিষ্যতের দল গঠন (Indial vs Uruguay)
ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রক্ষণে নামা কিংবা আক্রমণে ওঠা—দুই প্রকারের পরিকল্পনাই রয়েছে ভারতের (Indial vs Uruguay)। পাশাপাশি এই সিরিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল ও নিজস্ব খেলার ধরন তৈরি করার দিকেও নজর দিচ্ছেন ভারতীয় কোচ। খালিদের মতে, “ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়, আবার একই সঙ্গে ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন দল গড়ে তোলাও সমপরিমাণ গুরুত্বপূর্ণ।”



