Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলের র্যাডার থেকে কিছুটা দূরে সরে যাওয়া বাংলার দুই গতি তারকা—মুকেশ কুমার ও আকাশ দীপ আবার জোরকদমে ভারতীয় দলের মূল স্রোতে ফেরার মুখে (Bengal Bowlers)। সদ্যসমাপ্ত ইরানি কাপে দুর্দান্ত বোলিং পারফর্ম করে নির্বাচন কমিটির নজর কেড়েছেন তারা। অন্যদিকে, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ায় ওড়িশার প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি আসন্ন নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করতে চলেছে।
ইরানি কাপে দুরন্ত মুকেশ-আকাশ (Bengal Bowlers)
সদ্যই ইরানি কাপের খেতাব জিতেছে অবশিষ্ট ভারত (Rest of India)। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে এই জয়ে মূল কারিগর ছিলেন দুই বাঙালি পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৩ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন মুকেশ, যা দলকে বড় ব্যবধানে জয় এনে দেয়। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছে ৮ উইকেট। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই সমানভাবে প্রভাব ফেলে আকাশ দীপ নেন মোট ৬ উইকেট (দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৩ উইকেট)। রঞ্জির পর দেশের ঘরোয়া মরশুমের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে এই দুই পেসারের এই বিধ্বংসী মেজাজ নির্বাচকদের চিন্তাভাবনা বদলে দিয়েছে।
টেস্টে ভারতের ভরসা (Bengal Bowlers)
ইংল্যান্ড সফরে বল হাতে ভারতকে বেশ কয়েকটি ম্যাচে ভরসা জুগিয়েছিলেন আকাশ দীপ, তবে চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। এখন শত শতাংশ ফিট হয়ে ওঠায় ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ২০২৪ সালে শেষবার লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলা মুকেশ কুমারের সামনেও সুযোগের দুয়ার খুলে গেছে। পেসার প্রসিদ্ধ কৃষ্ণ সম্প্রতি চোট পেয়ে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসাধীন। খেলোয়াড়দের ফিটনেস ও চোট সমস্যা নিয়ে বিতর্ক এড়িয়ে যেতে চলায় প্রসিদ্ধকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ বোর্ড। ফলে জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও গুর্নুর ব্রারের পাশাপাশি অকল্যান্ডগামী বিমানে জায়গা হতে পারে মুকেশেরও।
আরও পড়ুন: Bhuvneshwar Kumar: জাতীয় দলে ব্রাত্য ভুবনেশ্বর কুমার ভারতের অধিনায়ক! কোন টুর্নামেন্টে?
প্রজ্ঞান ওঝার নেতৃত্বে নির্বাচন বৈঠক (Bengal Bowlers)
দীর্ঘদিন ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে থাকার পর গত রবিবার আনুষ্ঠানিকভাবে অজিত আগরকরের মেয়াদ শেষ হয়েছে (Bengal Bowlers)। বোর্ড এখনও তাঁর স্থায়ী বিকল্প ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে চার সদস্যের নির্বাচন কমিটির অস্থায়ী প্রধান হিসেবে আগামী সপ্তাহে নিউজিল্যান্ড সফরের দল বেছে নেওয়ার বৈঠক ডাকতে চলেছেন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। তাঁর হাত ধরেই সম্ভবত জাতীয় দলে ফের একসাথে ডাক পেতে চলেছেন বাংলার এই দুই গতি তারকা।



