Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: মহালয়ার আর মাত্র দুদিন বাকি। পুজোর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে (Weather Kolkata)। মণ্ডপে শেষ মুহূর্তের কাজ, প্রতিমা সাজানো থেকে শুরু করে কেনাকাটা—সবকিছু নিয়েই ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

বেলা বাড়লেই মেঘের আনাগোনা (Weather Kolkata)
বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় মেঘ জমতে পারে। দুপুরের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি বজায় থাকতে পারে।
দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা (Weather Kolkata)
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে পুজোর আগে মণ্ডপসজ্জা কিংবা বাইরের অন্যান্য কাজের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কলকাতাতেও কি নামবে বৃষ্টি? (Weather Kolkata)
শহর কলকাতাতেও আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর ধীরে ধীরে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম পুরোপুরি কাটবে না।
উত্তরবঙ্গে বেশি বৃষ্টির আশঙ্কা (Weather Kolkata)
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।
পুজোর আগে আবহাওয়ার চোখরাঙানি
মহালয়ার ঠিক আগে ফের আবহাওয়ার এই ভোলবদল স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিমা নিয়ে যাওয়া, মণ্ডপের শেষ মুহূর্তের কাজ কিংবা পুজোর বাজার—সব ক্ষেত্রেই বৃষ্টি কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে আপাতত বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস নেই। ফলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর প্রস্তুতি কতটা ব্যাহত হয়, নজর থাকবে সেদিকেই।



