Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ শিল্ড ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর মেজাজ হারিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Habas)। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন বয়কট করা থেকে শুরু করে মাঠে দীর্ঘক্ষণ নীরব থাকা—সব মিলিয়ে ক্ষোভের মেঘ জমছিলই। অবশেষে ডার্বির পরদিনই সেই ক্ষোভ বিস্ফোরক রূপ নিল। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভারতীয় ফুটবল সম্প্রদায়ের একটি গ্রুপে পোস্ট করে টুর্নামেন্টের আয়োজন, ম্যাচের সূচি ও রেফারিং নিয়ে তোপ দাগেন লাল-হলুদ কোচ।
বিস্ফোরক হাবাস (Antonio Habas)
সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে হাবাস লেখেন, “আমি একজন সিরিয়াস পেশাদার কোচ। বিশ্বের অন্যান্য কোচের মতো আমিও কিছু ম্যাচ জিতি, কিছু ম্যাচ হারি। কিন্তু আমার সঙ্গে সার্কাসের জানোয়ারের মতো ব্যবহার করা যাবে না। আমার নীতি সেটার অনুমতি দেয় না।” ঐতিহ্যবাহী টুর্নামেন্টটির কাঠামোগত দুর্বলতা তুলে ধরে তিনি আরও যোগ করেন, “ম্যাচের সূচি, মাঠ, রেফারি বাছাই, টুর্নামেন্টের ড্র—এগুলো দেখে মনে হয়নি এটা কোনও সিরিয়াস এবং পেশাদার টুর্নামেন্ট। এখানে পেশাদারদের সম্মান করা হয় না। এসব চললে আমি খেলা চালিয়ে যেতে পারব না।”
সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়া ক্ষোভ (Antonio Habas)
ডার্বি ম্যাচের সময় থেকেই হাবাসের শরীরী ভাষায় চরম অসন্তোষ স্পষ্ট ছিল। বিরতির সময় নিজেকে সামলাতে না পেরে সরাসরি মাঠে নেমে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর ডাগআউটে বারবার চতুর্থ রেফারির কাছে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বর্ষীয়ান এই প্রশিক্ষককে। ফাইনালের পর থেকেই সামাজিক মাধ্যমে সমর্থকদের মধ্যে চলতে থাকা বিতর্ক ও পর্যালোচনার উত্তর দিতেই মূলত স্প্যানিশ কোচ এই কঠোর বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।
নজর এখন এএফসি-র মঞ্চে (Antonio Habas)
শিল্ড ডার্বির তিক্ততা ও বিতর্ক পেছনে ফেলে ইস্টবেঙ্গলকে এখন দ্রুত ঘুরে দাঁড়াতে হবে (Antonio Habas)। আগামী মঙ্গলবারই ঘরের মাঠে নামতে হচ্ছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর গুরুত্বপূর্ণ ম্যাচে। ঘরোয়া ফুটবলের এই চরম অনিশ্চয়তা ও অসন্তোষ সরিয়ে রেখে আন্তর্জাতিক মঞ্চের জন্য দলকে প্রস্তুত করাই এখন লাল-হলুদ কোচের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



