Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির পর দেশের ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের ঘোষণা করা হয়েছে (Droupadi Murmu)। সোমবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে জারি করা বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়। নতুন রাজ্যপালদের মধ্যে পাঁচজনই কোনও না কোনও সময়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে একসঙ্গে এতগুলি রাজ্যে রাজ্যপাল বদলের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।
তামিলনাড়ুতে দায়িত্বে রাজেন্দ্র আর্লেকর (Droupadi Murmu)
তামিলনাড়ুর রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র আর্লেকর। এতদিন তিনি অতিরিক্ত দায়িত্বে এই পদ সামলাচ্ছিলেন। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থলপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আর্লেকর। এর আগে তিনি বিহার ও হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিকিমে দুষ্যন্ত, কেরলে ওমপ্রকাশ (Droupadi Murmu)
সিকিমের নতুন রাজ্যপাল হচ্ছেন বিজেপির বর্ষীয়ান নেতা দুষ্যন্ত গৌতম। বিজেপির সভাপতি নীতিন নবীনের নতুন টিমে জায়গা না পাওয়ার পর থেকেই তাঁকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সিকিমের রাজ্যপালের দায়িত্ব পেলেন তিনি। এতদিন সিকিমের দায়িত্বে থাকা ওমপ্রকাশ মাথুরকে এবার কেরলের রাজ্যপাল করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন।

কর্নাটক, ওড়িশাতেও নতুন মুখ (Droupadi Murmu)
কর্নাটকের রাজ্যপাল হচ্ছেন বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য সুধা যাদব। তিনিও আগে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ওড়িশার রাজ্যপাল হচ্ছেন পালামৌয়ের প্রাক্তন সাংসদ ব্রজমোহন রাম। উত্তরাখণ্ডেও আসছে পরিবর্তন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পাচ্ছেন মধ্যপ্রদেশের বলাঘাটের প্রাক্তন লোকসভা সাংসদ ধল সিং বিষেন।
আরও পড়ুন: CJP Protest: ভারতের CJP আন্দোলনে বাংলাদেশের মদত? সারজিসের সমর্থন, বিস্ফোরক দাবি দিলীপের
বাংলার রাজ্যপাল নিয়েও স্মৃতি তাজা
রাজ্যপাল বদলের এই ঘোষণার মধ্যে বাংলার সাম্প্রতিক ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস আচমকা পদত্যাগ করেন। এরপর আরএন রবিকে বাংলার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। তাঁর নিয়োগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। ফলে ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



