Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেবীপক্ষের শুভারম্ভে দিল্লিতে রোমাঞ্চকর জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs SC Delhi)। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে দিল্লি এফসি-কে ২-১ গোলে হারিয়ে চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে এই জয় যেমন সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করল, তেমনই কিছুটা স্বস্তি এনে দিল কোচ প্যানোসের মুখে।
প্রথমার্ধে দিল্লির দাপট (Mohun Bagan vs SC Delhi)
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় দিল্লি এফসি-র তরুণ ব্রিগেড। দুই প্রান্ত ব্যবহার করে মোহনবাগান রক্ষণে বারবার ফাটল ধরাচ্ছিলেন মহম্মদ আইমেন ও নামতে। ২৩ মিনিটে আইমেনের ভাসানো বল ধরে গতিতে আলবার্তোকে পরাস্ত করেন নামতে। এরপর গোলরক্ষক বিশাল কাইথকে কাটিয়ে দারুণভাবে বল জালে জড়িয়ে দিল্লিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। পিছিয়ে পড়ার পর বিভ্রান্ত হয়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে বসেন আলবার্তো। প্রথমার্ধে মিগুয়েল ফিগুয়েরা বা ডেজন ড্রাজিচদের সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার ফলে আপুইয়া ও থাপার ওপর চাপ বাড়ছিল। তবে প্রথমার্ধের শেষের দিকে ছাংতে ও ড্রাজিচ নিচে নেমে ৪-৪-২ ছকে রক্ষণ সামলালে ধীরে ধীরে খেলায় ফেরে মোহনবাগান।
১০ মিনিটের ‘মিগুয়েল ম্যাজিক’ (Mohun Bagan vs SC Delhi)
দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই বদলে যায় মোহনবাগানের খেলার রূপ। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন মিগুয়েল ফিগুয়েরা। ৫৫ মিনিটে বাঁদিকের উইংয়ে তিনজনের ঘেরাটোপের মাঝখান থেকে দারুণ এক টার্নে দিল্লির রক্ষণকে অকার্যকর করে দেন মিগুয়েল। তাঁর বাড়ানো বল ধরে থাপা মাইনাস বাড়ান লি আরউইনের উদ্দেশ্যে, আর সেখান থেকে নিখুঁত ফিনিশে ম্যাচে সমতা ফেরান (১-১) এই স্কটিশ স্ট্রাইকার।
বহু প্রতীক্ষিত গোল (Mohun Bagan vs SC Delhi)
সমতায় ফেরার ঠিক চার মিনিট পর, অর্থাৎ ৫৯ মিনিটে দৃশ্যপটে ফের সেই মিগুয়েল। এবার কারিগর আপুইয়া—দিল্লি রক্ষণ ভেদ করে বক্সে ঢোকার মুখে তিনি বল বাড়িয়ে দেন মিগুয়েলের দিকে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে মোহনবাগান জার্সিতে নিজের প্রথম গোলটি তুলে নেন মিগুয়েল এবং দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম দুই গোলেই প্রত্যক্ষ অবদান রেখে ১০ মিনিটের মধ্যে ম্যাচের গতিপথ সম্পূর্ণ বদলে দেন তিনি।
কোচের চিন্তার কারণ (Mohun Bagan vs SC Delhi)
২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মোহনবাগান আরও বড় ব্যবধানে জিততে পারত (Mohun Bagan vs SC Delhi)। কিন্তু লিস্টন কোলাসো ও সমির জেলকোভিচ সহজ সুযোগ নষ্ট করেন এবং মনবীরের একটি জোরালো শট বারে লেগে প্রতিহত হয়। অন্যদিকে, ম্যাচ জেতানোর নায়ক মিগুয়েল চোট পেয়ে মাঠ ছাড়ায় সবুজ-মেরুন শিবিরের চিন্তার মেঘ জমেছে।
প্রথম জয় পেলেও প্যানোস স্যারের পুরোপুরি চিন্তামুক্ত হওয়ার উপায় নেই। জয় এলেও দলের পারফরম্যান্সে ফিটনেসের অভাব এবং ফুটবলারদের পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি স্পষ্ট। আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টকে দলের গতি ও বোঝাপড়া বাড়ানোর দিকে বিশেষ জোর দিতে হবে।



