Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) পঞ্চম দিনে ভারতের জয়জয়কার। একই দিনে এল ৬টি পদক। এদিন এক ইভেন্টে জোড়া পদক এল। জয়ের নজির গড়লেন দুই ভারতীয় কন্যা। একই সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং ভারোত্তোলনে একাধিক সাফল্যের সুবাদে ভারতের ঘরে এল মোট ৬টি পদক।
প্যারা গেমসে সোনা ও ব্রোঞ্জ (Commonwealth Games 2026)
এদিনের সবচেয়ে বড় সাফল্যটি এসেছে প্যারা গেমসে (Commonwealth Games 2026)। মহিলাদের এফ৫৭ শটপাটে ভারতের দুই অ্যাথলিট ইতিহাস গড়েছেন। শর্মিলা ধনকড় ৯.৮১ মিটার শটপুট ছুড়ে স্বর্ণপদক অর্জন করেন। কমনওয়েলথ প্যারা গেমসের ইতিহাসে এটি ভারতের প্রথম সোনা জয়ের রেকর্ড। অন্যদিকে, প্রাথমিক ভাবে চতুর্থ স্থানে থাকলেও, তৃতীয় স্থানাধিকারীর থ্রো বাতিল হওয়ায় ব্রোঞ্জ পদক পান ভারতের আরেক প্রতিযোগী শিল্পা শায়লা। কমনওয়েলথ গেমসের একই ইভেন্টে এই প্রথম জোড়া পদক পেল ভারত।
ভারোত্তোলনে একাধিক পদক (Commonwealth Games 2026)
ভারোত্তোলন বিভাগেও দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ৫৩ কেজি বিভাগে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে মোট ১৯৯ কেজি ওজন তুলে রুপো জেতেন জ্ঞানেশ্বরী। এছাড়া পুরুষদের ৭৯ কেজি বিভাগে দুর্দান্ত লড়াই চালিয়ে মোট ৩৩০ কেজি ওজন তুলে রুপো অর্জন করেন ভাল্লুরি অজয় বাবু এবং মহিলাদের ৫৮ কেজি বিভাগে মোট ১৯৯ কেজি ওজন তুলে দেশের জন্য একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন বিন্দিয়ারানি দেবী।

হাই জাম্পে নতুন ইতিহাস (Commonwealth Games 2026)
ভারোত্তোলনের পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও নতুন অধ্যায় রচিত হয়েছে। হাই জাম্পে রুপো জিতে ইতিহাস গড়েছেন সর্বেশ কুশার। এর আগে কমনওয়েলথ গেমসের হাই জাম্পে ভারতের সেরা সাফল্য ছিল কেবল ব্রোঞ্জ, যা টপকে সর্বেশ এখন দেশের সেরা হাই জাম্পার হিসেবে নিজের নাম খোদাই করলেন।
পদকের লড়াইয়ে অন্যান্যরা (Commonwealth Games 2026)
বক্সিংয়ে পদক নিশ্চিত করার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছেন ভারতের শচীন শিয়াচ, অঙ্কুশ পাঙ্ঘাল এবং সাক্ষী চৌধুরি। তবে সামগ্রিক দিনটি অ্যাথলেটিক্সে খুব একটা ভালো হয়নি। এম শ্রীশংকর এবং গুরিন্দরবীর সিংরা নিজেদের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি।
আরও পড়ুন: Commonwealth Games 2026: জ্ঞানেশ্বরীর হাত ধরে পঞ্চম পদক এল ভারতে
সবমিলিয়ে, পঞ্চম দিনের শেষে চলতি প্রতিযোগিতা থেকে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ। এখনও আরও বেশ কিছু পদক আসার সম্ভাবনা রয়েছে।



